ধর্ষণচেষ্টার মামলা, সালিসে মীমাংসা
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার এক গ্রামে সংখ্যালঘু অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় মামলা দায়ের করা হলেও বিষয়টি গ্রাম্য সালিসে মীমাংসা করা হয়েছে। ওই নারীর পরিবারকে মামলা তুলে নিতে চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। নারীর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, নারীর শ্বশুর সখীপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
স্থানীয়রা জানান, গ্রামের একটি মন্দিরে শুক্রবার বিকেলে মীমাংসা বৈঠকে অভিযুক্ত হাবীব উল্লাহ সরদারকে ২০ হাজার টাকা জরিমানা ও জুতাপেটা করার সিদ্ধান্ত হয়। পাশাপাশি মামলাটি প্রত্যাহারের জন্যও ভুক্তভোগী পরিবারকে চাপ দেওয়া হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন মাঝিসহ স্থানীয় গণ্যমান্যরা এই সিদ্ধান্তের কথা জানান। তখন সেখানে উত্তর তারাবনিয়া ইউপির চেয়ারম্যান ইউনুছ আলী মোল্লাসহ দুই শতাধিক লোক উপস্থিত ছিলেন।
ইউনুছ আলী মোল্লা বলেন, ‘ছোটখাটো বিষয়গুলো আমরা যদি স্থানীয়ভাবে মীমাংসা না করি, তাহলে মানুষ মামলা করতে করতে দিশেহারা হয়ে পড়বে।’ তবে ওই গৃহবধূর স্বামী বলেন, ‘সবকিছু মেনে নিতে আমরা বাধ্য হয়েছি। আমি গরিব সংখালঘু। তাই সবাই আমার সঙ্গে এমন আচরণ করতে পেরেছেন।’
ভেদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন মাঝি বলেন, ‘দুই পক্ষ মীমাংসার জন্য রাজি থাকায় আমি এ উদ্যোগ নিয়েছি।’
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমীর সরকার বলেন, ‘স্থানীয়ভাবে ঘটনাটির মীমাংসা হয়েছে শুনেছি। তবে আইনি প্রক্রিয়া চলবে।’