ধর্ষণচেষ্টার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নে এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত শুক্রবার রাতে উপজেলার ডিগ্রিরচর বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া নেতার নাম লুৎফর রহমান (৩৫)। তিনি পাররামরামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তাঁকে গতকাল শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ধর্ষণচেষ্টার অভিযোগে ওই ছাত্রীর বাবা ১৪ ফেব্রুয়ারি তাঁর বিরুদ্ধে দেওয়ানগঞ্জ থানায় মামলা করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ওই ছাত্রী গত ১১ ফেব্রুয়ারি রাত একটায় নিজ ঘরে ঘুমাচ্ছিল। বাড়িতে তার এক ছোট ভাই ছাড়া আর কেউ ছিল না। তার মা ও বাবা ঢাকায় মানুষের বাড়িতে কাজ করেন। এই সুযোগে আওয়ামী লীগ নেতা লুৎফর রহমান ঘরে ঢুকে তাকে ধর্ষণ করার চেষ্টা করে। এ সময় ওই ছাত্রী চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন এগিয়ে আসে। লোকজন আসতে দেখে আওয়ামী লীগ নেতা পালিয়ে যান।