ধর্ষণচেষ্টার মামলায় প্রধান শিক্ষক কারাগারে
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে একটি মামলায় এক প্রধান শিক্ষককে গতকাল শুক্রবার জেলা কারাগারে পাঠানো হয়েছে। গত মঙ্গলবার ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে ওই মামলা সূত্রে জানা গেছে।
ওই প্রধান শিক্ষকের নাম মনিরুল হক পাটওয়ারী। তিনি উপজেলার ছেঙ্গারচর পৌর এলাকার সিদ্দিকা বেগম বালিকা উচ্চবিদ্যালয়ে কর্মরত আছেন। ওই শিক্ষক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ অস্বীকার করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই ছাত্রী গত মঙ্গলবার প্রধান শিক্ষকের স্ত্রী সিদ্দিকা বেগম বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সাবিনা ইয়াসমিনের কাছে তাঁর বাড়িতে প্রাইভেট পড়তে যায়। কিন্তু ওই শিক্ষিকা বাসায় ছিলেন না। এ সময় মনিরুল ওই ছাত্রীকে পড়াবেন বলে পড়ার টেবিলে বসতে বলেন। একপর্যায়ে তিনি ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন। ওওই ছাত্রীর বাবা গত বৃহস্পতিবার সকালে মতলব উত্তর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মনিরুল হক পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই দিন সকালে পুলিশ তাঁকে বিদ্যালয় থেকে গ্রেপ্তার করে মতলব উত্তর থানায় নিয়ে আসে।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মাহবুবুর রহমান জানান, গতকাল শুক্রবার প্রধান শিক্ষককে আদালতের মাধ্যসে জেলা কারাগারে পাঠানো হয়েছে।