ধর্ষণচেষ্টার শিকার স্কুলছাত্রীর বিষপান
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় গত রোববার এক স্কুলছাত্রীকে (১৩) ধর্ষণের চেষ্টা করেন এক স্বাস্থ্যকর্মী। লজ্জায় ওই ছাত্রী কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে। এ ঘটনায় গত বুধবার রাতে ওই স্বাস্থ্যকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ছাত্রীর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই ছাত্রী রোববার দুপুরে উপজেলার দক্ষিণ বড়মাছুয়া কমিউনিটি ক্লিনিকে জ্বর ও কাশির ওষুধ আনতে যায়। ক্লিনিকের এক স্বাস্থ্যকর্মী তাকে বসতে বলেন। দেড়টার দিকে অন্য রোগীরা চলে যাওয়ার পর তাকে ওই স্বাস্থ্যকর্মী ধর্ষণের চেষ্টা চালান। এ সময় ছাত্রীটি চিৎকার করলে স্থানীয় এক ব্যক্তি এসে তাকে উদ্ধার করে। এরপর স্থানীয় লোকজন সালিস করে স্বাস্থ্যকর্মীকে ২৫ হাজার টাকা জরিমানা করেন। গত মঙ্গলবার দুপুরে সালিস বৈঠকে অংশ নেওয়া কয়েকজন মেয়েটির কাছ থেকে ‘ধর্ষণের চেষ্টার কোনো ঘটনা ঘটেনি’ লেখা একটি কাগজে সই নেন। ওই দিন বিকেলে মেয়েটি ঘরে রাখা কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা চালায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
এ ঘটনায় বুধবার মেয়েটির মা ওই স্বাস্থ্যকর্মীকে আসামি করে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ওই দিন রাতেই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে মঠবাড়িয়া জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক এ কে এম কামাল উদ্দিনের কাছে মেয়েটি জবানবন্দি দিয়েছে।
মেয়েটির পরিবারের সঙ্গে কথা বললে তারা ধর্ষণের চেষ্টার ঘটনায় সালিস বৈঠক ও কাগজে স্বাক্ষর দেওয়ার কথা স্বীকার করলেও সালিসকারীদের নাম জানাতে চায়নি।
এ ব্যাপারে মঠবাড়িয়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, খলিলুরকে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।