ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে গৃহবধূকে কুপিয়ে জখম
বগুড়ার ধুনট উপজেলায় দেবরের বিরুদ্ধে এক বিধবা নারীকে ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার ওই দেবরের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, ওই নারীর স্বামী মারা যাওয়ার পর থেকে তিন ছেলেমেয়ে নিয়ে তিনি সেখানেই (স্বামীর বাড়ি) বসবাস করছেন। এ অবস্থায় স্বামীর এক ছোট ভাই তাঁদের দেখাশোনার দায়িত্ব নিয়ে সুযোগ পেলেই ভাবিকে কুপ্রস্তাব দিতেন। এ নিয়ে পারিবারিকভাবে কয়েক দফা বৈঠক হওয়ায় দেবরটি ক্ষুব্ধ হন। একপর্যায়ে গত বুধবার রাত আটটার দিকে গৃহবধূর ঘরে ঢুকে তাঁকে ধর্ষণের চেষ্টা করেন তিনি। এ সময় গৃহবধূর চিৎকারে পাশের ঘর থেকে ছেলেমেয়ে আসার আগেই ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথায় ও শরীরের কুপিয়ে আহত করে পালিয়ে যান দেবর। পরে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় গতকাল ওই গৃহবধূর ননদ বাদী হয়ে থানায় একটি লিখিতঅভিযোগ দেন।
ঘটনার পর থেকে অভিযুক্ত দেবর পলাতক থাকায় তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
তবে ওই গৃহবধূর আরেক দেবর বলেন, ‘বাবার সম্পত্তি নিয়ে ভাই ও বিধবা ভাবির মধ্যে বিরোধের জের ধরে মারধরের ঘটনা ঘটেছে। তবে ধর্ষণের চেষ্টার কোনো ঘটনা ঘটেনি।’
ধুনট থানার এসআই আবদুর রাজ্জাক বলেন, ‘তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’