ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরীর গর্ভপাত, চাপের মুখে পরিবার এলাকাছাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার বামনা উপজেলায় দরিদ্র পরিবারের এক কিশোরীকে (১৪) বিয়ের প্রলোভন দেখিয়ে স্থানীয় এক ব্যক্তি ধর্ষণ করার পর ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে কিশোরীর পরিবারকে চাপ প্রয়োগ করে গর্ভপাত ঘটানোর অভিযোগ উঠেছে। পরে ওই ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে দরিদ্র পরিবারটিকে ভয় দেখিয়ে এলাকা ছাড়তে বাধ্য করা হয়েছে।

 ৯ জুন বিকেলে ওই কিশোরীর পরিবার বাড়ি ছেড়ে উপজেলার অন্য একটি গ্রামে এক নিকটাত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছে।

কিশোরীর পরিবার ও এলাকার লোকজন জানান, বামনা উপজেলার শিংড়াবুনিয়া গ্রামের জাকির হোসেন মোল্লা (৪৫) দরিদ্র ওই কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে কয়েক দফা ধর্ষণ করেন। এতে সে সাত মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। পরে জাকির হোসেন ও তাঁর স্ত্রী একটি ক্লিনিকে কিশোরীকে নিয়ে গর্ভপাত ঘটায়। এতে ওই কিশোরী গুরুতর অসুস্থ হয়ে পড়ে।

পরে ৭ জুন রাতে জাকির হোসেন ও তাঁর আত্মীয়স্বজন কিশোরীর পরিবারকে চাপ প্রয়োগ করে বামনার বুকাবুনিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদারের বাড়ি নিয়ে যান। সাবেক চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদার ওই দিন স্ট্যাম্পে কিশোরী, তার বাবা ও চাচার টিপসই রেখে জাকিরকে ৭০ হাজার টাকা জরিমানা করেন। সে অনুযায়ী টাকাও দেওয়া হয়। এরপর বিষয়টি যাতে জানাজানি না হয় সে জন্য ওই কিশোরীর পরিবারকে ভয় দেখিয়ে এলাকা ছাড়তে বাধ্য করা হয়। বাধ্য হয়ে কিশোরীকে নিয়ে তার পরিবার এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেয়।

ভুক্তভোগী কিশোরীর বাবা অভিযোগ করেন, ‘এলাকার প্রভাবশালী লোকজন জাকিরের পক্ষে থাকায় এবং আমরা গরিব হওয়ায় এ নিয়ে সালিসে বসতে বাধ্য হই। সালিসে আমাদের কোনো কথা না শুনেই আগে সাদা স্ট্যাম্পে আমার ও আমার ভাইয়ের টিপসই নেন সাবেক ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন। পরে একতরফাভাবে ৭০ হাজার টাকা জরিমানা করে বিষয়টি মীমাংসা করেন তিনি। এরপর জাকির হোসেন ও তাঁর পক্ষের লোকজনের ভয়ভীতিতে আমরা বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিই। কিন্তু গত শনিবার বিকেলে আমার আত্মীয়ের বাড়িতে এসে হাজির হন সাবেক চেয়ারম্যান আলতাফ হোসেন ও সালিসে উপস্থিত কয়েক ব্যক্তি। এরপর সাবেক চেয়ারম্যান আলতাফ হোসেন জরিমানা করা ৭০ হাজার টাকা আমার কাছে ফেরত চান। আমি বাধ্য হয়ে সেই টাকা তাঁকে দিয়ে দিই। যাওয়ার সময় আমাকে এই বলে শাসিয়েও যান যে, বিষয়টি নিয়ে যাতে আমরা বাড়াবাড়ি না করি এবং আপাতত কয়েক দিন যেন আমরা বাড়িতে না যাই।’

ওই সালিস বৈঠকে উপস্থিত স্থানীয় সাবেক ইউপি সদস্য ও বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছগির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সাবেক চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদারের মধ্যস্থতায় ধর্ষণ ও গর্ভপাতের বিষয়টি নিয়ে সালিস হয়। কিন্তু কী কারণে টাকা ফেরত আনা হয়েছে, তা আমার জানা নেই।’

 অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে আলতাফ হোসেন হাওলাদার বলেন, ‘আমি টাকা আনিনি, অন্য লোক গিয়ে নিয়ে এসেছে। সমঝোতা না হওয়ায় ধর্ষণের শিকার কিশোরীর পরিবারকে ৭০ হাজার টাকা দিয়ে পুনরায় ফেরত আনা হয়েছে। তবে ওই পরিবারের কাছ থেকে কোনো সাদা স্ট্যাম্পে টিপসই রাখা হয়নি।’

এ বিষয়ে একাধিকবার চেষ্টা করেও অভিযুক্ত জাকির হোসেন মোল্লার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

বামনা থানার ওসি মো. শাহাবুদ্দিন বলেন, ‘কিশোরীর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।’