ধর্ষণে অন্তঃসত্ত্বা, পরে গর্ভপাত
মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের একটি বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এতে ছাত্রীটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তার গর্ভপাত ঘটানো হয় বলে ছাত্রীর পরিবার সূত্রে জানা গেছে।
এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, ধুরাইল ইউনিয়নের ওই শিক্ষকের (৫০) স্ত্রী ছয় বছর আগে মারা যান। তাঁর সন্তানেরাও ঢাকায় বসবাস করেন। স্ত্রী মারা যাওয়ার পর নিজ গ্রামে বিদ্যালয় চালু করে এর প্রধান শিক্ষকের দায়িত্ব নেন তিনি। শিক্ষক হিসেবে গণ্যমান্য ব্যক্তি হওয়ায় তিনি এলাকার অনেকের বাড়িতে যাওয়া-আসা করতেন। এরই মধ্যে অষ্টম শ্রেণির ওই ছাত্রীর ওপর তাঁর কুনজর পড়ে। মেয়েটিকে ফুসলিয়ে দীর্ঘদিন ধরে তার সঙ্গে সম্পর্ক করেন তিনি। এতে একপর্যায়ে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এক মাস আগে ঘটনাটি এলাকায় জানাজানি হয়ে যায়। এরপর থেকে শিক্ষকের পরিবার হতদরিদ্র স্কুলছাত্রীটির পরিবারকে নানা ভয়ভীতি দেখায়। ১৮ মার্চ রাতে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা মেয়েটির গর্ভপাত ঘটানো হয়।
ধর্ষণের শিকার মেয়েটির বড় বোন একই বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। সে বলে, ‘আমরা গরিব মানুষ। লজ্জার ভয়ে বাড়িঘরে থাকতে পারছি না। বাবা-মা দুজনই দিনের বেলায় বাড়িতে থাকেন না। আশপাশের লোকজন আমাদের নানা খারাপ কথা বলছে। আমাদের পাশে দাঁড়ানোর কেউ নেই। আমরা পুলিশ প্রশাসনের সহযোগিতা চাই।’ সে আরও বলে, ‘আমার বোনের গর্ভপাত ঘটিয়ে এখন বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন ওই শিক্ষক।’ আইনের আশ্রয় না নেওয়ার বিষয়ে সে বলে, ‘আমরা বাড়ি থেকে বের হতে পারছি না। আমার বাবাকে ওরা (শিক্ষক ও তাঁর পরিবার) এলাকার সন্ত্রাসী দিয়ে ভয়ভীতি দেখাচ্ছে।’
স্কুলছাত্রীর প্রতিবেশী এক নারী বলেন, ‘মেয়েটির পরিবারকে দুই লাখ টাকা দেওয়ার বিনিময়ে ঘটনা মীমাংসার জন্য ওই শিক্ষক উঠেপড়ে লেগেছেন। আমরা এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই।’
ওই ছাত্রীর বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ‘তিন মাস ধরে ওই ছাত্রী বিদ্যালয়ে অনিয়মিত। চলতি মাসে সে মাত্র সাত দিন বিদ্যালয়ে উপস্থিত ছিল। আমরা ছাত্রীর ওপর পাশবিক নির্যাতনের কথা লোকমুখে শুনেছি।’
এদিকে মেয়েটির এক চাচার বাসায় চিকিৎসক এনে মেয়েটির গর্ভপাত করানো হয়েছে বলে জানান এক প্রতিবেশী। ওই প্রতিবেশী বলেন, ‘১৮ মার্চ রাতে ওই শিক্ষক মেয়েটির চাচার বাসায় ডাক্তার এনে তাঁকে (চাচা) বলেন, “তোমার ভাতিজি অসুস্থ, তাকে চিকিৎসা দিতে ডাক্তার এনেছি।” পরে জানতে পারি, ওর গর্ভপাত করানো হয়েছে। তবে শিক্ষক যে ডাক্তারকে এনেছেন, তাঁকে আমি চিনি না।’
মেয়েটির চাচার সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করলেও তিনি কোনো কথা বলতে রাজি হননি।
ওই শিক্ষক মুঠোফোনে বলেন, ধর্ষণের ঘটনা সাজানো নাটক ছাড়া কিছুই নয়। এর কোনো ভিত্তি নেই। তিনি বলেন, ‘আমার ছেলে দেশের বাইরে যাবে, তাই আমি ঢাকায় অবস্থান করছি।’
ধুরাইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মজিবর রহমান প্রথম আলোকে বলেন, ‘ধর্ষণের ঘটনাটি একাধিক ব্যক্তির কাছ থেকে শুনেছি। ওই ছাত্রীর পরিবারের লোকজন আমার কাছে কোনো সহযোগিতা চায়নি। তাই আমি এ বিষয়ে আগাইনি।’
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ বলেন, ‘আমরা প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পেয়েছি। ঘটনা শুনে সেখানে পুলিশ পাঠিয়েছিলাম। অসহায় পরিবারকে বলা হয়েছে, থানায় এসে মামলা করলে পুলিশ সব ধরনের সহযোগিতা করবে।’
পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন বলেন, মামলা করার জন্য অসহায় পরিবারটিকে পুলিশ সব ধরনের সহযোগিতা দেবে। এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না।