ধর্ষণে অভিযুক্তকে ৩০ হাজার টাকায় মুক্ত!
বান্দরবানের আলীকদমে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের সালিসে ধর্ষণে অভিযুক্তকে ৩০ হাজার টাকা জরিমানায় ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ধর্ষণের শিকার ওই কিশোরীর মা গতকাল রোববার জানান, গত শনিবার তাঁকে ১৫ হাজার টাকা দেওয়া হয়েছে এবং আরও ১৫ হাজার টাকা দেওয়া হবে আশ্বাসে দুই ইউপি চেয়ারম্যান থানায় মামলা না করার জন্য বলেছেন।
আলীকদম থানার পুলিশ জানায়, দুই ইউপি চেয়ারম্যান ধর্ষণের অভিযুক্ত ও অভিযোগকারীকে মীমাংসার জন্য থানা থেকে নিয়ে গেছেন। কিন্তু তাঁরা কী ধরনের মীমাংসা করেছেন পরে থানাকে জানানো হয়নি।
চৈক্ষ্যং ইউপি সদস্য শফিউল আলম জানান, ৬ আগস্ট তাঁর ওয়ার্ডের কাশেমপাড়ার পিতৃহীন দরিদ্র পরিবারের ১৭ বছরের ওই কিশোরীকে পার্শ্ববর্তী সিরাজ কার্বারিপাড়ার আলী আকবর ধর্ষণ করেন। স্থানীয় লোকজন হাতেনাতে ধরে তাঁকে তাঁর কাছে নিয়ে আসেন। তিনি জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পেয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুর রহিমের কাছে সোপর্দ করেছেন।
ঘটনার শিকার কিশোরী প্রথম আলোকে জানায়, সে আত্মীয়ের বাড়িতে যাওয়ার সময় আলী আকবর তার বড় ভাইয়ের বন্ধু পরিচয় দিয়ে কৌশলে তাকে তারাবনিয়ার পাহাড়ে নিয়ে যান। সেখানে নিয়ে তাকে ধর্ষণ করেন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করলে আলী আকবর তাকে বিয়ে করবেন বললেও তাঁর স্ত্রী ও এক ছেলে থাকায় সে রাজি হয়নি।
আলী আকবরের বড় ভাই নূরুল আবছার জানান, এলাকায় আলী আকবরের কিছু দুশমন রয়েছে। তারাই মেয়েটিকে নিয়ে ষড়যন্ত্রের ফাঁদ পেতে ঘটনা সাজিয়েছে। কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি। চেয়ারম্যানদের বিচারে ৩০ হাজার টাকা জরিমানা দেওয়ার জন্য বলা হয়েছে। তাঁরা ১৫ হাজার টাকা দিলেও আর কোনো টাকা দিতে পারবেন না। ঘটনার পর থেকে আলী আকবর চট্টগ্রামে থাকেন এবং মুঠোফোনও ব্যবহার করেন না বলে নূরুল আবছার জানিয়েছেন।
আলীকদম থানার এসআই আবদুর রহিম তাঁর হাতে আলী আকবরকে সোপর্দ করার কথা স্বীকার করে জানান, তিনি মামলা নিতে চেয়েছিলেন। কিন্তু আলীকদম সদর ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন ও চৈক্ষ্যং ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিন বিষয়টি মীমাংসা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাঁকে নিয়ে যান।
আলীকদম ইউপির চেয়ারম্যান জামাল উদ্দিন ৩০ হাজার টাকায় মীমাংসার কথা স্বীকার করে জানান, ধর্ষণের ঘটনা ঘটেছে কি না, যথেষ্ট সন্দেহ ছিল। উভয় পক্ষ রাজি হওয়ায় তাঁরা সালিসে মীমাংসা করে দিয়েছেন। মীমাংসার আরও ১৫ হাজার টাকা এখনো বাকি রয়েছে বলে জামাল জানিয়েছেন।