ধর্ষণে এককাট্টা ছাত্রদল-ছাত্রলীগের তিন নেতা-কর্মী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের চৌগাছা উপজেলায় ছাত্রলীগ ও ছাত্রদলের তিন নেতা-কর্মী গতকাল রোববার স্কুল পড়ুয়া এক কিশোরীকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় লোকজন গণধর্ষণের শিকার হওয়া ওই কিশোরীকে উদ্ধার করে প্রথমে চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করে। কিশোরীর বাবা বাদী হয়ে চারজনের নামে থানায় ধর্ষণের মামলা করেছেন।
মামলার এজাহারভুক্ত তিনজন আসামিকে স্থানীয় লোকজন পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে। আহত অবস্থায় পুলিশ রোববার মধ্যরাতে তাঁদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
ওই তিন যুবক হলেন চৌগাছা পৌর ছাত্রদলের ৭ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি মাহবুবুল হাসান উজ্জ্বল, ছাত্রলীগের চৌগাছা পৌর কমিটির আহ্বায়ক পারভেজ সানি ও ছাত্রলীগ কর্মী নাঈম মো. শিমুল।
উজ্জ্বল চৌগাছা ডিগ্রি কলেজের সমাজকর্ম বিভাগের দ্বিতীয় বর্ষ, পারভেজ সানি ঢাকা কলেজের বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষ ও শিমুল ঢাকার মিরপুর বাংলা কলেজের বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। তাঁরা তিনজন ঘনিষ্ঠ বন্ধু।
ধর্ষণের শিকার কিশোরী চৌগাছার একটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
ওই কিশোরী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার কিশোরীটি ফুফুর বাড়িতে বেড়াতে গিয়েছিল। সেখান থেকে ফুফুর এক দেবরের সঙ্গে বাড়িতে ফিরছিল। তাঁরা চৌগাছা শাহাদাত পাইলট স্কুলের মাঠে পৌঁছালে সেখানে আড্ডা দেওয়া উজ্জ্বল, সানি ও শিমুল তাঁদের পথরোধ করেন। তাঁরা মেয়েটির সঙ্গে থাকা ছেলেটিকে আটকে মারধর করে তাঁর মোবাইল কেড়ে নেন। পরে তাঁরা মেয়েটিকে একটি ঘরে নিয়ে ধর্ষণ করেন। মেয়েটির চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে তিন যুবককে ধরে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। আহত অবস্থায় পুলিশ রোববার মধ্যরাতে তিন যুবককে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

কিশোরীর বাবা আজ বাদী হয়ে উজ্জল, সানি ও শিমুল এবং অজ্ঞাত আরও একজন—মোট চারজনের বিরুদ্ধে চৌগাছা থানায় ধর্ষণের একটি মামলা করেছেন। মামলার এজাহারভুক্ত এই তিনজন পুলিশ হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন।
অভিযোগ স্বীকার করে হাসপাতালে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন মাহবুবুল হাসান উজ্জ্বল প্রথম আলোকে বলেন, ‘আমি ওই কাজ করেছি। তবে জোর করে নয়।’ অপর দুজন বলেন, মূলত ধর্ষণ করেছেন উজ্জ্বল। তাঁদের দাবি, তাঁরা দুজন মেয়েটিকে মেয়েটির সঙ্গে থাকা ছেলেটির কাছ থেকে ‘সেভ’ (রক্ষা) করার চেষ্টা করেছেন। তবে কখন যে উজ্জ্বল মেয়েটিকে নিয়ে ‘হারিয়ে’ গেলেন তা তাঁরা বুঝতে পারেননি।
যশোরের সহকারী পুলিশ সুপার ভাস্কর সাহা বলেন, ‘উজ্জ্বল নামের ছেলেটি মেয়েটিকে জোর করে ধর্ষণ করেছে। আর তার বন্ধুরা তাকে সহায়তা করেছে। মামলার এজাহারভুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।’
কিশোরীর আজ ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। যশোর জেনারেল হাসপাতালের গাইনি বিভাগের সহকারী রেজিস্ট্রার চিকিৎসক লাইলী নার্গিস প্রথম আলোকে বলেন, ‘ডাক্তারি পরীক্ষার প্রতিবেদন হাতে এলে বলা যাবে এটি ধর্ষণ কি না।’ তিনি বলেন, মেয়েটি যতটা না শারীরিকভাবে অসুস্থ তার চেয়ে বেশি মানসিকভাবে অসুস্থ।
মেয়েটির চিকিৎসা খরচ বহন করা দরিদ্র এ পরিবারের পক্ষে কঠিন হয়ে পড়েছে। এ বিষয়ে মেয়েটির বাবা জানালেন, স্থানীয় এক ব্যক্তির কাছে ধারে চিকিৎসার খরচ বহন করছেন। বাড়িতে গিয়ে গরু-ছাগল বিক্রি করে তার টাকা শোধ করে দেবেন।
আজ সোমবার যশোর জেনারেল হাসপাতালে এই প্রতিবেদকের সঙ্গে ওই কিশোরীর কথা হয়। সে ক্ষোভের সঙ্গে বলে, ‘আশা ছিল লেখাপড়া শিখে বড় চাকরি করব। সেই আশা আর পূরণ হলো না। আমি এখন স্কুলে যাব কি করে? লোকজন আমারে নিয়ে নানা খারাপ কথা বলবে।’
মেয়ের পাশে থাকা বাবা বললেন, ‘পরের খেতে কৃষি কাজ করে অনেক কষ্টে সংসার চালাই। মনে করিলাম, অন্তত আইএ (উচ্চ মাধ্যমিক) পাশ করায়ে মেয়েডারে একটা ভালো ঘরে বিয়ে দেব। কিন্তু সে স্বপ্ন আমার পূরণ হলো না। এখন আমার মেয়েরে কিডা বিয়ে করবে। এই দুশ্চিন্তায় আমাগের তাড়ায় বেড়াচ্ছে।’
এদিকে, ধর্ষকদের বিচার ও শাস্তির দাবিতে আজ সোমবার চৌগাছা উপজেলা সদরে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।