ধর্ষণে ব্যর্থ হয়ে কিশোরীকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় এক কিশোরীকে ধর্ষণে ব্যর্থ হয়ে এক ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে জখম করেছে এক কিশোরীকে। এ ঘটনায় শ্রীনগর থানায় একটি মামলা করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ রোববার সকালে উপজেলার এক গ্রামের ওই কিশোরীর ঘরে ঢোকেন একই এলাকার শাহজাহান শেখ (৫৫)। কুয়াশা ঢাকা সকালে নির্জন বাড়িতে কিশোরীকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেন তিনি। এ সময় শাহজাহান ও ওই কিশোরীর মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে কিশোরীকে ধারালো অস্ত্র দিয়ে হাতে জখম করেন শাহজাহান। পরে ওই কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তিনি পালিয়ে যান। এ সময় আহত অবস্থায় ওই কিশোরীকে উদ্ধার করা হয়। পরে স্থানীয়ভাবে তার হাতের চিকিৎসা করা হয়। 

এ ব্যাপারে শাহজাহানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়। শাহজাহানের পরিবারের লোকজন এ বিষয়ে কথা বলতে অস্বীকৃতি জানান।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি প্রথম আলোকে বলেন, এ ঘটনায় ওই কিশোরীর মা হাসিনা বেগম আজ রাতে বাদী হয়ে থানায় মামলা করেছেন। আসামি ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।