ধর্ষণে ব্যর্থ হয়ে কুপিয়ে জখম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের কালাই উপজেলায় নবম শ্রেণির এক ছাত্রীকে গত শুক্রবার রাতে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এতে ব্যর্থ হয়ে মেয়েটিকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। মেয়েটিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওই ঘটনায় মেয়েটির চাচা বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে গতকাল শনিবার ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে কালাই থানায় মামলা করেছেন।
পরিবার ও থানা-পুলিশ সূত্র জানায়, শুক্রবার রাত দুইটার দিকে একদল দুর্বৃত্ত বাড়িতে ঢুকে মেয়েটিকে ধর্ষণের চেষ্টা চালায়। এতে বাধা পেয়ে দুর্বৃত্তরা চাকু দিয়ে কোপাতে শুরু করলে মেয়েটি চিৎকার করে। চিৎকার শুনে পরিবারের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে ঘরের মেঝে থেকে অচেতন ও রক্তাক্ত অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে রাতেই বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে জয়পুরহাটের সহকারী পুলিশ সুপার (সার্কেল) অশোক কুমার পাল ও কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান চৌধুরী গতকাল শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন।
মেয়েটির বাবা গতকাল মুঠোফোনে বলেন, গুরুতর অবস্থায় মেয়েকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরের কয়েক জায়গায় কেটে গেছে। তিনি মেয়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
কালাই থানার ওসি নুরুজ্জামান চৌধুরী বলেন, ‘ঘটনাটি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। মেয়েটি সুস্থ না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।’