ধর্ষণে ব্যর্থ হয়ে গৃহবধূকে কুপিয়ে জখমের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বরিশালের উজিরপুর উপজেলার একটি গ্রামে গৃহবধূকে (২৪) ধর্ষণে ব্যর্থ হয়ে তাঁকে কুপিয়ে জখম করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার অভিযুক্ত যুবকের নামে থানায় মামলা করেছেন ওই গৃহবধূর স্বামী।

অভিযুক্ত ওই আসামির নাম রায়হান হাওলাদার (৩০)। তিনি এখন পলাতক। গুরুতর আহত ওই গৃহবধূ উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, বিভিন্ন সময় যাওয়া-আসার পথে রায়হান হাওলাদার ওই গৃহবধূকে উত্ত্যক্ত করতেন। সম্প্রতি রায়হান কুপ্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হলে তাঁর ক্ষতি করার হুমকি দেন। প্রতিদিনের মতো শুক্রবার রাতে ছেলেকে (৫) নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন ওই গৃহবধূ। রাত তিনটার দিকে রায়হান ঘরের জানালার কাঠের শিক ভেঙে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করেন। ধস্তাধস্তির একপর্যায়ে ছেলের ঘুম ভেঙে যাওয়ায় কান্নাকাটি শুরু করে। এতে ধর্ষণে ব্যর্থ হয়ে রায়হান ধারালো অস্ত্র দিয়ে গৃহবধূকে কুপিয়ে জখম করেন। এ সময় গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে পালিয়ে যান রায়হান। পরে স্থানীয় লোকজন গৃহবধূকে উদ্ধার করে রাতেই উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

ওই গৃহবধূর স্বামী বলেন, ‘আমি হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল বলেন, এ ঘটনায় গৃহবধূর স্বামী বাদী হয়ে রায়হানকে আসামি করে মামলা করেছেন। আসামিকে গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।