ধর্ষণে ব্যর্থ হয়ে ছাত্রীকে ব্লেড দিয়ে কেটে জখম
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ধর্ষণে ব্যর্থ হয়ে তিন দুর্বৃত্ত ব্লেড দিয়ে এক স্কুলছাত্রীর শরীরের বিভিন্ন অংশ কেটে জখম করেছে। গত বুধবার উপজেলার বদরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ছাত্রীর পরিবার ও মতলব উত্তর থানা সূত্রে জানা গেছে, ওই ছাত্রী স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ে। সাত-আট দিন ধরে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে অপরিচিত তিন যুবক তাকে নানাভাবে উত্ত্যক্ত করছিল। গত বুধবার সকাল সাড়ে আটটায় ওই ছাত্রী পরীক্ষা দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। সকাল নয়টায় বিদ্যালয়ের কাছাকাছি পৌঁছালে ওই তিন দুর্বৃত্ত তার পথরোধ করে। পরে তারা তাকে বিদ্যালয়সংলগ্ন একটি নির্জন বাড়িতে নিয়ে যায়।
পুলিশ সূত্র জানায়, ওই বাড়িতে নেওয়ার পর ওই তিন দুর্বৃত্ত ছাত্রীটিকে ধর্ষণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরে তারা ওই ছাত্রীর হাত-পা, গাল, গলা, ঘাড়, পিঠসহ শরীরের বিভিন্ন স্থান ধারালো ব্লেড দিয়ে কেটে জখম করে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে লোকজন মেয়েটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ সময় তারা ছাত্রীর পরিবারকেও মুঠোফোনে বিষয়টি জানান। পরিবারের লোকজন গত বুধবার দুপুরে তাকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করেন।
মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা নুসরাত জাহান বলেন, ওই ছাত্রীর শরীরের একাধিক স্থানে জখমের চিহ্ন রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।