ধর্ষণের অভিযোগ তুলে প্রভাবশালীর কোপানলে কিশোরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুবকের প্রেমের ফাঁদে পড়ে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ করেছে ভোলার মনপুরা উপজেলার এক কিশোরী। মামলা করার পর আসামির হুমকির মুখে তাকে এলাকা ছাড়তে হয়েছে বলে অভিযোগ করেছেন তার পরিবারের সদস্যরা।

 মহিলা আইনজীবী পরিষদ বরিশাল বিভাগের প্রধান মুনিরা বেগম জানান, হুমকির শিকার হয়ে ওই কিশোরী এখন ঢাকায় মহিলা আইনজীবী পরিষদের হেফাজতে।

কিশোরীর পরিবার ও মামলার এজাহার সূত্রে জানা যায়, অষ্টম শ্রেণির শিক্ষার্থী এই কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন এলাকার প্রভাবশালী এক যুবক। ২০১৫ সালের জুনে ওই যুবক বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণ করেন। গত মার্চে কিশোরী একটি সন্তানের জন্ম দেয়।

এ ঘটনায় গ্রাম্য সালিস হলেও বিচার না পেয়ে ২৭ জুলাই কিশোরী সন্তানসহ নিজের অধিকার ও নিরাপত্তা চেয়ে ওই যুবকসহ তিনজনকে আসামি করে মনপুরা আদালতে মামলা করে। এরপর আসামিপক্ষের হুমকিতে মেয়েকে ঢাকায় পাঠানো হয়েছে।

কিশোরীর পরিবারের আরও অভিযোগ, সালিসের পর যুবকের পরিবার গত ২৪ জুলাই মেয়েটির বাবা ও সালিসকারী কয়েকজনের বিরুদ্ধে মনপুরা বিচারিক হাকিমের আদালতে মিথ্যা মামলা করে। মামলায় কিশোরীর বাবা হাজতবাস করছেন।

এসব বিষয়ে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন খান বলেন, আসামি পলাতক। তাঁকে ধরার জন্য খোঁজা হচ্ছে।