ধর্ষণের অভিযোগ, বিয়ের দাবিতে তরুণের বাড়িতে অবস্থান
প্রেমের সম্পর্ক করে ঢাকার ধামরাই উপজেলায় তরুণের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বিয়ের দাবিতে ওই তরুণের বাড়িতে অবস্থান নিলে গতকাল শুক্রবার পুলিশ মেয়েটিকে থানায় নিয়ে আসে। এ ঘটনায় মেয়েটি থানায় লিখিত অভিযোগ করেছেন।
ওই তরুণী (২২) বলেন, বছর তিনেক আগে মুঠোফোনে ওই তরুণের (২৪) সঙ্গে তাঁর পরিচয় হয়। এর সূত্র ধরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর বিয়ের প্রলোভন দিয়ে ওই তরুণ তাঁকে ধর্ষণ করেন। এরপর থেকে বিয়ে করার জন্য তিনি ওই তরুণকে চাপ দিয়ে আসছিলেন। এতে কাজ না হওয়ায় তিনি বিষয়টি ফাঁস করে দেওয়ার হুমকি দেন। এর পরিপ্রেক্ষিতেগত রোববারবিয়ের জন্য ওই তরুণ তাঁকে সাভার আসতে বলেন। কিন্তু বিয়ে না করে ওই দিনই তিনি গা ঢাকা দেন। এরপর থেকে যোগাযোগ করতে না পেরে বিয়ের দাবিতে গত বৃহস্পতিবার তিনি তরুণের বাড়িতে যান। এ সময় ওই তরুণ বাড়িতে ছিলেন না। জানাজানি হলে স্থানীয় এক জনপ্রতিনিধি বিষয়টি সমাধানের আশ্বাস দিয়ে তাঁকে ওই বাড়িতে অবস্থান করতে বলেন। সেখান থেকে ধামরাই থানার পুলিশ গতকাল তাঁকে থানায় নিয়ে আসে।
মেয়েটির বাবা বলেন, তাঁর মেয়ে গতকাল ওই তরুণের বিরুদ্ধে ধামরাই থানায়লিখিত অভিযোগকরেছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের এক সদস্য বলেন, উভয় পক্ষের কথা শুনে বিষয়টি এলাকায় বসে মীমাংসার উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু ছেলেটি পলাতক থাকায় শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি।
গা ঢাকা দেওয়ায় এ ব্যাপারে ওই তরুণের বক্তব্য জানা যায়নি। তবে তাঁর ভাই বলেন, মেয়েটি তাঁর ভাইকে ফাঁসাতে মিথ্যে অভিযোগ করছেন।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক বলেন, তরুণীর অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।