ধর্ষণের অভিযোগ, সালিস বৈঠক থেকে আটক ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুর পৌর সদরে সংখ্যালঘু পরিবারের এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ শুক্রবার বিকেলে সালিস বৈঠক বসলে সেখানে থেকে অভিযুক্ত তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন আকাশ (২৩), মিনার হোসেন (২৮) ও সুমন হোসেন (৩৫)।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, গত বুধবার গভীর রাতে আটক তিন যুবক ওই গৃহবধূর ঘরে ঢোকেন। তাঁরা গৃহবধূর স্কুলপড়ুয়া মেয়ের কানের দুল ও নগদ আট হাজার টাকা লুট করেন। এরপর অস্ত্রের মুখে জিম্মি করে গৃহবধূকে ধর্ষণ করে পালিয়ে যান। এ ঘটনায় আজ শুক্রবার বিকেলে সালিস বৈঠক বসে। পুলিশ খবর পেয়ে সেখানে গিয়ে অভিযুক্ত তিন যুবককে আটক করে থানায় নিয়ে যায়।
পৌর মেয়র গোলাম মাহফুজ চৌধুরী বলেন, সালিস বৈঠকে ওই গৃহবধূ ধর্ষণের অভিযোগ করেন। বিষয়টি আপস-মীমাংসার মধ্যে না পড়ায় থানা-পুলিশকে অবহিত করা হয়।
থানাহাজতে আটক সুমন হোসেন ধর্ষণের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি ঘটনার সঙ্গে জড়িত নই। অন্য দুজন জড়িত কি না, তা বলতে পারব না।’
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, ওই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।