ধর্ষণের অভিযোগে গণপিটুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর আদাবর থানার সুনিবিড় হাউজিংয়ে গতকাল বুধবার বিকেলে ১১ বছর বয়সী শিশু ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষক সন্দেহে ইউসুফ মিয়াকে গণপিটুনি দেওয়ার পর পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। শিশুটিকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, সকালে শিশু মেয়েকে রেখে মা-বাবা কর্মস্থলে যান। তাঁরা দুজনই পোশাকশ্রমিক। বেলা তিনটার দিকে প্রতিবেশী ইউসুফ মিয়া দরজার কড়া নাড়লে শিশুটি পরিচয় জানতে চায়। তখন প্রতিবেশী ইউসুফ মিয়া তাঁর পরিচয় দিয়ে একটি চিঠি লিখে দেওয়ার জন্য এসেছেন বলে জানান। তখন শিশুটি ভেতর থেকে দরজা খুলে দেয়। একপর্যায়ে ইউসুফ মিয়া শিশুটিকে ধর্ষণ করেন। শিশুটির চিৎকারে প্রতিবেশীরা এসে বাইরে থেকে ছিটকিনি লাগিয়ে দেন। পরে জনরোষের মুখে ইউসুফ দরজা খুলে বেরিয়ে আসতে বাধ্য হন। এ সময় ক্ষুব্ধ লোকজন তাঁকে বেধড়ক পেটান। এরই মধ্যে শিশুটির মা-বাবা খবর পেয়ে বাসায় ফিরে আসেন। পরে ধর্ষক ইউসুফ মিয়াকে মোহাম্মদপুর থানায় সোপর্দ করা হয়।
রাতে যোগাযোগ করা হলে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর রহমান প্রথম আলোকে বলেন, শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ধর্ষক ইউসুফ মিয়া পেশায় গাড়িচালক। তাঁর বিরুদ্ধে আদাবর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।