ধর্ষণের অভিযোগে দুজন গ্রেপ্তার
বগুড়ার আদমদীঘিতে এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করা হলে পুলিশ গতকাল সোমবার সকালে এক তরুণকে (১৯) গ্রেপ্তার করেছে।
এদিকে শিবগঞ্জ উপজেলায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক হোমিও চিকিৎসককে (৪৫) রোববার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার ডাবুইর গ্রামের বাসিন্দা এবং ইউনিয়ন যুবলীগের সাবেক সদস্য।
আদমদীঘি থানার এসআই শাহীন রেজা বলেন, দুপুরে ধর্ষণের শিকার কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। উপজেলার সান্তাহার পৌর এলাকার তিয়রপাড়া গ্রামের ওই তরুণ গত বুধবার দুপুরে কিশোরীকে ধর্ষণ করেন। এ ঘটনায় গতকাল সোমবার থানায় মামলা হয়েছে।
শিবগঞ্জ থানার ওসি আহসান হাবিব বলেন, শনিবার ওই পল্লী চিকিৎসক মেয়েটিকে ধর্ষণ করেন। পরদিন রোববার থানায় মামলা করা হয়। ওই দিন রাতেই তাঁকে আটক করা হয়।