ধর্ষণের অভিযোগে বৃদ্ধকে গণপিটুনি, পুলিশে সোপর্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ষাটোর্ধ্ব এক ব্যক্তি পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয় লোকজন তাঁকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শিশুটিকেও ওই স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ সোমবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

শিশুটির পরিবারের সদস্যদের বরাত দিয়ে বড়াইগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) আবদুল জলিল বলেন, মুসা আলী দূর সম্পর্কের আত্মীয় পরিচয়ে আজ শিশুটির বাড়িতে যান। তখন শিশুটির মা মুড়ি ভাজায় ব্যস্ত ছিলেন। মুসা মুড়ি খেতে খেতে নাতি সম্বোধন করে শিশুটিকে পাশের বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। শিশুটি চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। এ সময় মুসা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। স্থানীয় লোকজন তাঁকে ধরে গণপিটুনি দেন। শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে খবর পেয়ে পুলিশ গুরুতর অবস্থায় মুসাকে উদ্ধার করে ওই হাসপাতালে ভর্তি করেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রঞ্জন কুমার বলেন, শিশুটিকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে আনা হয়। শিশুটি অত্যন্ত ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছে। সে কারও সঙ্গে কথা বলছে না।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহরিয়ার খান বলেন, শিশুটি ও পিটুুনির শিকার মুসা চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় মুসাকে আসামি করে মামলা হয়েছে।