ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে মামলা
ধর্ষণের অভিযোগে রাজধানীর দোলাইরপাড়ের এক মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে মামলা করেছেন এক ছাত্রীর বাবা। ধর্ষণের শিকার মেয়েটিকে গতকাল রোববার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, গতকাল রাত পৌনে ১১টার দিকে শ্যামপুর থানার পুলিশ ও মেয়েটির বাবা তাকে হাসপাতালে নিয়ে যান। মেয়েটিকে ভর্তি করা হয়েছে।
শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, দোলাইরপাড়ের আত-তাবলিক কারিমিয়া ইন্টারন্যাশনাল ক্যাডেট মহিলা মাদ্রাসার শিক্ষক হাফেজ মো. হাসান ওরফে হাসানউদ্দীন (৪২) কিশোরী মেয়েটির সঙ্গে সম্পর্ক গড়ে তুলে তাকে ধর্ষণ করেন। বাবার অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ মেয়েটিকে পরীক্ষা ও চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ বিষয়ে মেয়েটির বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। হাফেজ হাসানকে ধরার চেষ্টা করছে পুলিশ।