ধর্ষণের অভিযোগে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরে ঢুকে স্বামীর সামনে এক নারীকে ধর্ষণের অভিযোগে চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক মো. সেলিম মিয়ার আদালতে মামলাটি করেন ওই নারী।
বাদীর আইনজীবী মাসুদ আলী প্রথম আলোকে বলেন, গত ১৮ ফেব্রুয়ারি রাতে ঘরে ঢুকে হাত-পা বেঁধে রাঙ্গুনিয়ার এক দিনমজুরের স্ত্রীকে ধর্ষণ করে দুর্বৃত্তরা। ধর্ষণের শিকার ওই নারী স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। ঘটনার পর প্রথমে লজ্জায় তাঁরা কাউকে কিছু জানাননি। পরে মামলা করতে থানায় গেলে পুলিশ আদালতে মামলা করার পরামর্শ দেয়। মঙ্গলবার আদালতে মামলাটি করা হয়।
মাসুদ আলী বলেন, আদালত মামলাটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন।
বাদীকে আইনি সহায়তা দিচ্ছে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার চট্টগ্রাম কার্যালয়।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, এ ধরনের কোনো ঘটনায় কেউ মামলা করতে এসেছেন বলে তাঁর মনে পড়ছে না।