ধর্ষণের অভিযোগে মামলা
দক্ষিণখানে ১৩ বছরের এক কিশোরীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে দক্ষিণখান থানায় মামলাটি হয়। কিশোরীটি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি।
মামলার অভিযোগে বলা হয়েছে, ১০ অক্টোবর সকাল ১০টার দিকে ওই কিশোরী মুঠোফোন রিচার্জের উদ্দেশ্যে ফায়দাবাদের বাসা থেকে বের হয়ে কোর্ট বাড়ি মোড়ে যায়। এ সময় প্রতিবেশী জহিরুল ইসলাম (২৫) কিশোরীকে অপহরণ করে প্রথমে আবদুল্লাহপুর ও পরে নরসিংদীতে নিয়ে যান। নরসিংদীতে জহিরুলের খালার বাড়িতে আটকে কিশোরীর বিয়েও দেওয়া হয়।
পুলিশ জানায়, কিশোরীর পরিবারের পক্ষ থেকে থানায় যোগাযোগ করা হলে পুলিশের হস্তক্ষেপে গত বৃহস্পতিবার সকালে ওই কিশোরীকে তার পরিবারের কাছে দিয়ে যান জহিরুলের পরিবারের সদস্যরা। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাতে কিশোরীর বড় বোন শেফালী বেগম বাদী হয়ে অপহরণ ও ধর্ষণের অভিযোগে জহিরুলের বিরুদ্ধে থানায় মামলা করেন।