ধর্ষণের অভিযোগে মামলা, কিশোরীর অস্বীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শহিদুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা হয়েছে। ১৯ আগস্ট মামলটি দায়ের করেন কিশোরীর বাবা। মামলা হলেও খোদ কিশোরী অস্বীকার করেছে কথিত এ ধর্ষণের ঘটনা।
গতকাল বুধবার দুপুরে চকরিয়া প্রেসক্লাবে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলন করে অভিযোগ অস্বীকার করে ওই কিশোরী। ওই সময় কিশোরীর মাও উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে কিশোরীর মা দাবি করেন, ‘আমাদের সামাজিকভাবে হেয় করতে একটি চক্র আমার স্বামীকে টাকা দিয়ে কথিত ধর্ষণের ঘটনাটি সাজিয়ে মামলা করেছে। মামলা দায়েরের পর বিষয়টি নিয়ে আমার স্বামীর সঙ্গে কথা হলে তিনি (স্বামী) অসহায়ত্ব প্রকাশ করেন। এতেই বোঝা যায়, চেয়ারম্যানকে ফাঁসাতে আমার স্বামীকে কোনো চক্র জিম্মি করেছে।’
কিশোরীটি দাবি করে, তাকে কেউ ধর্ষণ করেনি এবং সে কোথাও অভিযোগও দেয়নি।
উজানটিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম চৌধুরী দাবি করেন, গত নির্বাচনে তাঁর কাছে পরাজিত দুজন চেয়ারম্যান প্রার্থী কিশোরীর বাবাকে জিম্মি করে কথিত ধর্ষণের ঘটনাটি সাজিয়ে মামলা করেছেন।