ধর্ষণের অভিযোগে যুবক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুরের দারস সলাম এলাকায় স্কুলপড়ুয়া এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে পিটুনি দিয়েছে এলাকাবাসী। গত রোববার গভীর রাতে দীপনগর পোড়া বস্তিতে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় রুবেল হোসেন (২৮) নামের ওই যুবককে পুলিশে সোপর্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, পিরোজপুরের স্বরূপকাঠি থেকে রুবেলের এক ভাতিজার সঙ্গে ঢাকায় এসেছিল তার প্রতিবেশী ওই কিশোরী। তারা দীপনগর বস্তিতে একটি ঘর ভাড়া নেয়। রোববার রাতে বস্তির ঘরে রুবেলের কাছে কিশোরীকে রেখে রুবেলের ভাতিজা জুরাইনে তার এক স্বজনের বাসায় যায়। রাতে রুবেল ওই কিশোরীকে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। রাত দেড়টার দিকে কিশোরীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসে এবং কিশোরীকে উদ্ধার ও রুবেলকে মারধর করে। খবর পেয়ে পুলিশ গিয়ে দুজনকেই উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করায়।
দারুস সালাম থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম বলেন, কিশোরীর অবস্থার অবনতি হলে সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কিশোরী নিজেই বাদী হয়ে একটি মামলা করেছে। এ মামলায় রুবেলকে গ্রেপ্তার দেখানো হয়েছে। রুবেলের ভাতিজার সঙ্গে কিশোরীর ঢাকায় আসার কারণ সম্পর্কে এসআই বলেন, ওই কিশোরীর অমতে পরিবারের সদস্যরা তার বিয়ে ঠিক করেছিলেন। তাই রুবেলের ভাতিজার সঙ্গে ওই কিশোরী পালিয়ে আসে।