ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
বগুড়ার ধুনট উপজেলায় এক তরুণীকে উত্ত্যক্ত ও ধর্ষণের অভিযোগে মাসুদ রানা (২৫) নামের এক তরুণকে পুলিশ গ্রেপ্তার করেছে। মাসুদ রানা উপজেলার বেলকুচি গ্রামের বাসিন্দা।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, এই ঘটনায় ওই তরুণী বাদী হয়ে মাসুদ রানার বিরুদ্ধে থানায় একটি ধর্ষণ মামলা করেন। গতকাল সোমবার মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং মাসুদ রানাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মামলা ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার তরুণীকে মাসুদ রানা বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিলেন। প্রায় এক বছর আগে মেয়েটিকে অন্য স্থানে পারিবারিকভাবে বিয়ে দেওয়া হয়। কিন্তু উত্ত্যক্তকারীর কারণে তিন মাস আগে তাঁর সংসার ভেঙে যায়। গত শনিবার রাত ১১টার দিকে মাসুদ রানা কৌশলে মেয়েটির ঘরে ঢুকে তাঁকে ধর্ষণ করেন। এ সময় মেয়েটির চিৎকারে বাড়ির লোকজন এসে মাসুদকে আটক করেন। পরে লোকজন মাসুদ রানার মা-বাবাকে ডাকতে গেলে তিনি পালিয়ে যান।
এ ঘটনায় মেয়ের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হলে পুলিশ রোববার সকাল ১০টার দিকে মাসুদ রানাকে নিজ গ্রাম থেকে আটক করে। এ ঘটনায় মেয়েটি বাদী হয়ে ওই রাতেই থানায় ধর্ষণ মামলা করেন।
থানায় আটক থাকাকালে মাসুদ রানা দাবি করেন, মেয়ের পরিবার তাঁকে পরিকল্পনা করে ঘরে ডেকে নিয়ে আটক করে। পরিকল্পনা টের পেয়ে তিনি পালিয়ে যান। মেয়েটিকে তিনি উত্ত্যক্ত কিংবা ধর্ষণ করেননি। তাঁরা মিথ্যা মামলা করেছেন।