ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিম আগারগাঁও এলাকায় নয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে লিটন মিয়া (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। লিটন মিয়া (২৫) মাছ ব্যবসায়ী। তাঁর গ্রামের বাড়ি নরসিংদীর রায়পুরায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ধর্ষণের শিকার শিশুর বাবা বলেন, পশ্চিম আগারগাঁওয়ের একটি টিনশেড বাসায় স্ত্রী-সন্তানসহ তিনি থাকেন। বাসায় পাশের একটি ঘরে থাকেন লিটন। গত সোমবার রাত ১১টার দিকে তিনি কর্মস্থল থেকে ফেরেন। এরপর তাঁর মেয়ে এক ঘরে শিশু ও অন্য ঘরে তিনি ঘুমিয়ে ছিলেন। রাত ১২টার দিকে মেয়ের চিৎকারে তাঁর ঘুম ভাঙে। দ্রুত মেয়ের ঘরে গিয়ে তিনি লিটনকে দৌড়ে পালিয়ে যেতে দেখেন। পরে তিনি লিটনকে তাড়া করে ধরে বাসায় নিয়ে আসেন এবং মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। এ সময় তাঁর স্ত্রী অসুস্থ অবস্থায় মহাখালীর একটি হাসপাতালে ভর্তি ছিলেন বলে জানান। শিশুটির বাবা আরও বলেন, পরে রাতেই তিনি লিটন ও তাঁর মেয়েকে নিয়ে থানায় যান। পুলিশ লিটনকে আটকে রেখে তাঁর মেয়েকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান। শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) সুশীল চন্দ্র বর্মণ বলেন, এ ব্যাপারে একটি মামলা হয়েছে। মামলায় লিটনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।