ধর্ষণের অভিযোগ, দুই যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাজীগঞ্জে এক কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার বিকেলে তাঁদের গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় কিশোরীর মা চারজনকে আসামি করে থানায় মামলা করেছেন। আসামিরা হলেন শাহরাস্তি উপজেলার টামটা ইউনিয়নের আজাগরা গ্রামের পাটওয়ারী বাড়ির জয়নাল আবেদীনের ছেলে ইব্রাহিম খলিল (১৯), একই গ্রামের ভূঁইয়া বাড়ির আবদুল হাইয়ের ছেলে আল আমিন (১৮), হাজীগঞ্জ পৌরসভার রান্ধুনীমুড়া গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে জনি (২০) ও মকিমাবাদ গ্রামের সিরাজুল হকের ছেলে সাইফুল ইসলাম (২০)।
পুলিশ ইব্রাহিম ও সাইফুলকে গ্রেপ্তার করেছে। গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
কিশোরীর মা ও এজাহারের বিবরণ অনুযায়ী, ধর্ষণের শিকার মেয়েটির বাবা অনেক আগেই মারা গেছেন। মা অন্যের বাড়িতে কাজ করে সংসার চালান। বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে মেয়েটির সঙ্গে ইব্রাহিমের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত বুধবার দুপুরে ইব্রাহিম ও তাঁর চাচাতো ভাই আল আমিন মেয়েটিকে ফুসলিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে হাজীগঞ্জ বাজারে নিয়ে যান। পরে মেয়েটিকে বাজার এলাকার একটি বাসায় নেওয়া হয়। বাসাটি ইব্রাহিম ও আল আমিনের বন্ধু সাইফুলের বোনের। কিন্তু বাসায় তখন তিনি ছিলেন না। মেয়েটিকে নিয়ে ওই বাসায় ঢোকার পথে বাজারের ব্যবসায়ী জনি দেখে ফেলেন। মেয়েটিকে ধর্ষণের সময় জনি সেখানে গিয়ে তাঁদের মারধর করে মেয়েটিকে ছিনিয়ে নিয়ে যান।
কিশোরীর মা বলেন, তিনি কাজ থেকে ফিরে বাসায় মেয়েকে না পেয়ে বুধবার সন্ধ্যায় ইব্রাহিমের বাসায় যান। সেখানে তাঁকে জিজ্ঞাসাবাদ করলে ঘটনা জানতে পারেন তিনি।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ আলম জানান, জনি মেয়েটিকে নিয়ে পালিয়েছেন। গ্রেপ্তার হওয়া দুজনকে জেলহাজতে পাঠানো হয়েছে। কিশোরীটিকে উদ্ধারের চেষ্টা চলছে।