ধর্ষণের অভিযোগে ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যের বিরুদ্ধে নিজ বাড়িতে কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগ উঠেছে। কিশোরী তাঁর আত্মীয় এবং তাঁর বাড়িতে বেড়াতে এসেছিল। এ ঘটনায় গত শনিবার রাতে গৌরীপুর থানায় মামলা হয়েছে।
এজাহার ও পরিবার সূত্রে জানা যায়, ওই কিশোরী ইউপি সদস্যের স্ত্রীর বোনের মেয়ে। গত ১৪ এপ্রিল সে খালার বাড়িতে বেড়াতে গিয়েছিল। ওই রাতেই ইউপি সদস্য তাকে (কিশোরী) হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করেন। বিষয়টি জানাজানি হলে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন ইউপি সদস্য। গ্রাম্য সালিসের মাধ্যমে তিনি বিষয়টি মিটমাটের চেষ্টাও করেন। অবশেষে গত শনিবার রাত ১০টার দিকে ধর্ষণের শিকার কিশোরীর চাচা বাদী হয়ে গৌরীপুর থানায় ইউপি সদস্যকে আসামি করে মামলা করেন।
তবে অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য বলেন, ‘নির্বাচনে পরাজিত প্রতিদ্বন্দ্বী প্রার্থী ষড়যন্ত্র করে আমাকে ফাঁসাতে অপচেষ্টা চালাচ্ছেন। ধর্ষণের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। ওই ঘটনার সঙ্গে আমি জড়িত নই।’
এ সম্পর্কে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার আহাম্মেদ বলেন, ডাক্তারি পরীক্ষার জন্য কিশোরীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত ইউপি সদস্যকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।