ধর্ষণের অভিযোগে উপজাতি রাজা গ্রেপ্তার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্ষণের অভিযোগে ভারতের আসাম রাজ্যের কারবি উপজাতির রাজা হারসিং রোংহাংকে (৫৩) গ্রেপ্তার করেছে পুলিশ। রাজ্যের কারবি আংলং জেলায় এই ঘটনা ঘটে।

আজ মঙ্গলবার ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, ৩৩ বছর বয়সী এক নারীর অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজা হারসিংকে গতকাল সোমবার গ্রেপ্তার করে পুলিশ।

স্থানীয় হামরেন থানার পুলিশ পরিদর্শক কমল বোরা বলেন, অভিযোগকারী নারী চার সন্তানের মা। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর তিনি দুই সন্তান নিয়ে জেলার হামরেন এলাকায় থাকতেন। গত বুধবার উপজাতি রাজা হারসিং রোংহাং ওই নারীর ঘরে ঢুকে তাঁকে ধর্ষণ করেন। এই ঘটনা কাউকে না জানাতে হুমকিও দেন হারসিং। ভয়ে ওই নারী প্রথমে এ ঘটনা কাউকে বলেননি। কয়েক দিন পর তিনি প্রতিবেশীদের বিষয়টি জানালে তা এলাকায় ছড়িয়ে পড়ে। এ ঘটনায় গতকাল সোমবার স্থানীয়রা সালিসের আয়োজন করেন। সেখানে রাজা হারসিং দোষ স্বীকার করলে ওই নারীকে এফআইআর করার পরামর্শ দেওয়া হয়। গতকাল তিনি থানায় হারসিংয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। পুলিশ হারসিংকে থানায় ডেকে পাঠায়। হারসিং থানায় এসে অপরাধ স্বীকার করলে তাঁকে গ্রেপ্তার করা হয়।

কমল বোরা বলেন, হাসপাতালে ওই নারীর পরীক্ষা-নিরীক্ষা করানো হয়েছে। এখন প্রতিবেদনের অপেক্ষায়। অভিযুক্ত উপজাতির রাজা হারসিং রোংহাংকে আদালতে পাঠানো হবে।

স্থানীয় প্রথা অনুসারে হারসিং রোংহাং কারবি উপজাতিদের রাজা। কারবি আংলং একটি স্বায়ত্তশাসিত জেলা। এই রাজা কোনো রাজনৈতিক পরিচয় বহন করেন না। তবে তিনি কারবিদের সামাজিক-সাংস্কৃতিক জীবনে প্রভাব বিস্তার করতে পারেন এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখেন।