ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরে তরুণীকে ধর্ষণের অভিযোগে করা মামলার এক আসামিকে গতকাল শনিবার ভোরে সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়ন থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার শিব্বির মাহমুদের বাড়ি রায়পুর উপজেলার কেরোয়া গ্রামে।
মামলার এজাহারে বলা হয়, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের একটি গ্রামে ঘরে ঢুকে এক কিশোরীকে ধর্ষণ করেন শিব্বির মাহমুদ, কামাল হোসেন, জাফর আহমদ, আলতাফ হোসেন ও ফারুক হোসেন। গত শুক্রবার ইউনিয়ন পরিষদের (ইউপি) নারী সদস্য স্থানীয় লোকজনের সহযোগিতায় ওই কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
তদন্ত কর্মকর্তা লক্ষ্মীপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. রেজাউল করিম জানান, ধর্ষণের অভিযোগে এক কিশোরী নারী ও শিশু নির্যাতন দমন আইনে পাঁচজনকে আসামি করে মামলা করেছে। পুলিশ শিব্বির মাহমুদ নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে।