ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বনানী থানা এলাকার একটি বস্তিতে এক পোশাককর্মীকে ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সোহাগ, জুনায়েদ ও নায়েব আলী। গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের একটি দল তাঁদের গ্রেপ্তার করে।
উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের উপকমিশনার ফরিদা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার তিনজনকে আজ বুধবার আদালতে হাজির করা হবে।
ভুক্তভোগী ওই তরুণীর এক স্বজন বলেন, ওই তরুণী পোশাক কারখানায় কাজ করেন। গত ৩ মার্চ ওই তিন ব্যক্তিসহ চারজন ওই তরুণীকে লাঞ্ছিত করেন। এ ঘটনায় বনানী থানায় একটি জিডি করা হয়। পরদিন কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে ওই চার ব্যক্তি তরুণীর পথ আটকান এবং পরিত্যক্ত একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। অজ্ঞান অবস্থায় ভুক্তভোগীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়। সেখানে আট দিন চিকিৎসা নিয়ে ১২ মার্চ ওই তরুণী বনানী থানায় মামলা করতে যান। তখন থানা মামলা নেয়নি। পরে এ ঘটনায় আদালতে নালিশি আবেদন করেন তরুণী। আদালতের নির্দেশে বনানী থানায় সোহাগ, জুনায়েদ, নায়েব আলী, লাতিককে আসামি করে মামলা নথিভুক্ত হয়। মামলাটি তদন্তের দায়িত্ব পায় উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ।