ধর্ষণের অভিযোগে চট্টগ্রামে গ্রেপ্তার ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে এক নারীকে ধর্ষণের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে দুজন ঘটনার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. ইসমাইল, মো. মামুন, মো. ইকবাল, মো. জাহাঙ্গীর ও মো. হাছান। গত বুধ থেকে গতকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে কোতোয়ালি থানার পুলিশ।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) নেজাম উদ্দিনের ভাষ্যমতে, ২৮ থেকে ৩০ বছর বয়সী এক নারী নগরের বিআরটিসি ফলমণ্ডিতে ফেলে দেওয়া ফল সংগ্রহ করে বিভিন্ন বস্তিতে বিক্রি করে থাকেন। ফল সংগ্রহ করতে গিয়ে গত মঙ্গলবার রাতে তিনি ফলমণ্ডির পাশের একটি দোকানে চা পান করছিলেন। ওই সময় তাঁকে ফল সংগ্রহের কথা বলে আড়তের পাশে নিয়ে ধর্ষণ করেন পাঁচ ব্যক্তি। পরে ওই নারী পুলিশকে বিষয়টি জানান। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, পুলিশ অভিযান চালিয়ে ওই পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করে। তাঁদের মধ্যে তিনজন ভ্যানচালক। বাকি দুজন নিরাপত্তাপ্রহরী। ওই নারীর দায়ের করা মামলায় গ্রেপ্তার পাঁচজনকে গতকাল আদালতে হাজির করা হয়। তাঁদের মধ্যে ইসমাইল ও ইকবাল ঘটনার দায় স্বীকার করে চট্টগ্রাম মহানগর হাকিম নুরে আলম ভূঁঞার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বাকি তিনজনকে জিজ্ঞাসাবাদ করতে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত আগামী রোববার শুনানির দিন ধার্য করেছেন।