ধর্ষণের অভিযোগে চেয়ারম্যান গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ধামরাইয়ের সোয়াপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে সংখ্যালঘু এক নারীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। গতকাল সোমবার রাতে মামলা দায়েরের পরপরই চেয়ারম্যান হাফিজুর রহমানকে সাভার ব্যাংক কলোনি থেকে গ্রেপ্তার করে পুলিশ। হাফিজুর ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

গতকাল সন্ধ্যায় সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন হাফিজুরের বিরুদ্ধে এলাকায় বিক্ষোভ করে।

ওই নারী জানান, বছর দেড়েক আগে হাফিজুর তাঁকে দেখে পছন্দ করেন। এর পর থেকে তাঁকে নানাভাবে উত্ত্যক্ত করতে থাকেন। একপর্যায়ে হাফিজুরের ভয়ে তাঁর স্বামী তাঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে বাধ্য হন। স্বামীর সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার পরবছর খানেক আগে হাফিজুর তাঁকে বিয়ের প্রলোভন দেখিয়ে সাভার নিয়ে আসেন। সাভার আনার পর তাঁকে স্ত্রীর পরিচয় দিয়ে সাভার পৌরসভার ব্যাংক কলোনি মহল্লায় বাসা ভাড়া নেন। এর পর থেকে তাঁরা স্বামী-স্ত্রী পরিচয়ে ওই বাসায় বসবাস করছিলেন। এ সময় তিনি বিয়ে করার জন্য হাফিজুরকে চাপ দেন। সর্বশেষ গত বৃহস্পতিবার বিয়ে নিয়ে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে হাফিজুর তাঁকে মারধর করেন। এ ঘটনায় গত শনিবার তিনি সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দেন। কিন্তু পুলিশ মামলা না নিয়ে নানা অজুহাতে তাঁকে ঘুরাচ্ছিলেন। এ অবস্থায় এলাকার লোকজন গতকাল সন্ধ্যায় তাঁর (হাফিজ) বিরুদ্ধে মিছিল করে। পরে বিষয়টি জানাজানি হয়ে গেলে ঢাকার পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশে সাভার মডেল থানা-পুলিশ গতকাল রাতে মামলাটি রেকর্ড করে।