ধর্ষণের অভিযোগে দুই তরুণ গ্রেপ্তার
দিনাজপুর শহরের সুইহারী খালপাড়া এলাকায় এক কিশোরীকে (১৩) ধর্ষণের অভিযোগে দুই তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন খালপাড়ার রেজাউল হকের ছেলে রাব্বী ইসলাম (১৯) ও আমিনুল ইসলামের ছেলে মো. রনী (১৯)।
মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আবুল হাসনাত বলেন, শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে পৌর এলাকা থেকে রনী ও রাব্বীকে গ্রেপ্তার করা হয়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ১৮ জুন রাত ১০টার দিকে ওই কিশোরী তার বাড়ির বাইরে এসে রনীর সঙ্গে কথা বলছিল। এ সময় রনীর বন্ধু রাব্বীসহ অপর এক যুবক সেখানে আসে। এরপর তিনজন মিলে কিশোরীকে পাশের ভুট্টাখেতে নিয়ে ধর্ষণ করে। এ সময় মেয়েটির চিৎকারে এলাকাবাসী দৌড়ে এলে তিন তরুণ পালিয়ে যায়। পরদিন পরিবারের লোকজন মেয়েটিকে চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেলে ভর্তি করে। ওই দিন বিকেলেই মেয়েটির মা থানায় মামলা করেন।