ধর্ষণের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের ঝিনাইগাতীতে বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগে পুলিশ দুই যুবককে গ্রেপ্তার করেছে। আদালতের নির্দেশে তাঁদের আজ বুধবার বিকেলে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার মালিঝিকান্দা খামারপাড়া গ্রামের আবুল কুলির ছেলে মো. আলাউদ্দিন (২৪) ও নালিতাবাড়ী উপজেলার দোহালিয়া গ্রামের মৃত ইউছুফ আলীর ছেলে মো. শাহীন মিয়া (২০)।

২০১৪ সালের নভেম্বর মাসে ঝিনাইগাতী উপজেলায় এ ঘটনা ঘটে। সম্প্রতি ধর্ষণের ঘটনার ভিডিও চিত্রটি মুঠোফোনের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় ধর্ষণের শিকার কিশোরীর নানি বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে গতকাল মঙ্গলবার রাতে ঝিনাইগাতী থানায় নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন। এজাহারে গ্রেপ্তার হওয়া দুই যুবক ও তাঁদের সহযোগী মো. ডনাসহ তিনজনের নাম উল্লেখ করা হয়।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার বুদ্ধি প্রতিবন্ধী ওই কিশোরী নালিতাবাড়ী উপজেলার এক দিনমজুরের মেয়ে। তার বাবা-মা ঢাকায় শ্রমিকের কাজ করেন। কিশোরীটি তার নানির কাছে থাকে। ২০১৪ সালের নভেম্বর মাসে (মামলায় দিন-তারিখ উল্লেখ করা হয়নি) এক দুপুরে সে নানির বাড়ি থেকে পাশের গ্রামে দাদির বাড়িতে যাচ্ছিল। পথে গ্রেপ্তার হওয়া দুই যুবক ও তাঁদের এক সহযোগী তাকে ফুসলিয়ে ঝিনাইগাতী উপজেলার একটি বাগানের ভেতরে নিয়ে যায়। এর পর ওই তিন যুবক কিশোরীকে ধর্ষণ করে। এ সময় অজ্ঞাতনামা দুই থেকে তিন যুবক ধর্ষণের ঘটনাটি মুঠোফোনে ধারণ করেন। পরবর্তীতে ধর্ষণের বিষয়টি কিশোরীটি তার আত্মীয়-স্বজনকে জানালেও মানসম্মানের কথা চিন্তা করে তাঁরা কাউকে জানাননি। কিন্তু সম্প্রতি ওই যুবকেরা ধর্ষণের ভিডিও চিত্রটি মুঠোফোনের মাধ্যমে ওই এলাকায় বিভিন্নজনের কাছে ছড়িয়ে দেন। এতে এলাকায় তোলপাড় ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে কিশোরীটির নানি শেরপুরের পুলিশ সুপারের (এসপি) কাছে প্রথমে একটি মৌখিক অভিযোগ করেন। পরে পুলিশ সুপারের নির্দেশে শেরপুরের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. শাহজাহান মিয়া ঘটনাটি তদন্তপূর্বক ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ওই দুই যুবককে আটক করেন। পরে রাতে কিশোরীর নানি মামলা করলে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।

আজ বুধবার দুপুরে শেরপুর জেলা সদর হাসপাতালে ওই কিশোরীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। পরে বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারায় জ্যেষ্ঠ বিচারিক হাকিম জিনিয়া জাহানের আদালতে ওই কিশোরী জবানবন্দি দিয়েছে।

গ্রেপ্তার দুই যুবক আজ দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে সাংবাদিকদের কাছে ধর্ষণ ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

ঝিনাইগাতী থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস প্রথম আলোকে বলেন, ধর্ষণের শিকার কিশোরীর নানি বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনের বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেছেন। মামলায় এজাহারভুক্ত নাম উল্লেখ করা বাকি একজনসহ অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।