ধর্ষণের অভিযোগে দুজন ও অপহরণ মামলায় গ্রেপ্তার ১
সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহ ইউনিয়নের চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে গত মঙ্গলবার সন্ধ্যায় ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।
এদিকে সদর উপজেলার লাবসা ইউপির পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের তিন দিন পর মঙ্গলবার রাতে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
চতুর্থ শ্রেণির ছাত্রীর মা জানান, তাঁর স্বামী জেলার বাইরে কাজ করেন। তিনিও অন্যের বাড়িতে কাজ করেন। তাঁরা খাস জমিতে রাস্তার ধারে খুপরি ঘরে বসবাস করেন। গত মঙ্গলবার বিকেলে মেয়েকে বাড়িতে রেখে তিনি কাজ করতে যান। সন্ধ্যায় বাঁশদহ এলাকার আজাহারুল ইসলাম (২৭) ও ইব্রাহিম হোসেন (১৮) তাঁর মেয়েকে ধর্ষণ করেন।
ছাত্রীর মা থানায় মামলা করেছেন। ধর্ষণের অভিযোগে আজাহারুল ইসলাম ও ইব্রাহিম হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে সদর উপজেলার লাবসা ইউপির পঞ্চম শ্রেণির ছাত্রীর মা জানান, তাঁর মেয়েকে রোববার সকাল আটটার দিকে বিদ্যালয়ে যাওয়ার পথে একই গ্রামের কামরুল ইসলাম (৩৮) অপহরণ করে নিয়ে যান।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, মেয়েটির বাবা থানায় চারজনকে আসামি করে মামলা করেছেন। এ ঘটনায় কলারোয়া উপজেলার বাটরা গ্রামের মুনসুর আলীকে গ্রেপ্তার করা হয়েছে। ওই দুই ছাত্রীর ডাক্তারি পরীক্ষা গতকাল সাতক্ষীরা সদর হাসপাতালে সম্পন্ন হয়েছে।