ধর্ষণের অভিযোগে পুলিশের বিরুদ্ধে মামলা
বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণের অভিযোগে পুলিশের সহকারী পরিদর্শকের বিরুদ্ধে মামলা করেছেন এক তরুণী। তাঁর নাম হামিদুল ইসলাম। তিনি বর্তমানে রংপুর জেলা পুলিশে কর্মরত আছেন।
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক রোকসানা পারভীনের আদালতে মামলাটি করা হয়। আদালত মেডিকেল প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন পুলিশকে।
বাদীর পক্ষে মামলাটি পরিচালনা করেন লিগ্যাল এইড চট্টগ্রাম কার্যালয়ের আইনজীবী মুহাম্মদ আবদুল হামিদ। তিনি বলেন, ২০১৫ সালের অক্টোবর মাসে বাদীর একটি মুঠোফোন হারিয়ে যায়। তখন আসামি নগর গোয়েন্দা পুলিশে কর্মরত ছিলেন। মুঠোফোনটি উদ্ধারের কথা বলে বাদীর সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলেন আসামি। গত ২২ ফেব্রুয়ারি নগরের চকবাজার এলাকার একটি হোটেল নিয়ে তাঁকে ধর্ষণ করা হয়।
এ ব্যাপারে হামিদুল ইসলাম গতকাল বিকেলে মুঠোফোনে বলেন, ওই তরুণীর সঙ্গে তাঁর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। বিয়ে না করায় তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন।