ধর্ষণের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার
জামালপুর সদর উপজেলায় ষষ্ঠ শ্রেণির মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক ব্যাংক কর্মকর্তাকে (৫২) গতকাল মঙ্গলবার কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গত সোমবার সন্ধ্যায় ওই শিশুর নানা মেয়েটিকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার অভিযোগে ওই কর্মকর্তাকে আসামি করে থানায় একটি মামলা করেন। পরে ব্যাংক কর্মকর্তাকে তাঁর বাসা থেকে সোমবার রাতে গ্রেপ্তার করে পুলিশ।
ওই ব্যাংক কর্মকর্তা সদর উপজেলার বাসিন্দা ও একটি ব্যাংকের উপজেলা শাখার ক্যাশিয়ার।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, শিশুটির পরিবার চার বছর ধরে ওই ব্যাংক কর্মকর্তার জামালপুর সদরের বাসায় ভাড়া থাকছে। ১০ বছর আগে শিশুটির বাবা সড়ক দুর্ঘটনায় মারা যান। এরপর শিশুটির মা, ছোট এক বোন ও বৃদ্ধ নানা ওই বাসায় বসবাস করেন। ব্যাংক কর্মকর্তার স্ত্রী চাকরি করেন। ফলে ওই কর্মকর্তার বাসায় দিনের বেলায় তেমন লোকজন থাকতেন না। এ সুযোগে গত জুন মাস থেকে তিনি শিশুটিকে ফুসলিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। পরে ডাক্তারি পরীক্ষা করালে শিশুটির গর্ভে সন্তান আসার বিষয়টি নিশ্চিত হয়। শিশুটি জানায়, ব্যাংক কর্মকর্তা তাকে ফুসলিয়ে ও ভয়ভীতি দেখিয়ে একাধিকবার তার সঙ্গে শারীরিক মেলামেশা করেছেন। এ ঘটনায় মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিমের সহযোগিতায় জামালপুরের পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) রওনক জাহানকে শিশুটি ঘটনাটি খুলে বলে। এরপর তাঁর নির্দেশে মামলা দায়েরের পর ওই ব্যাংক কর্মকর্তাকে সোমবার রাত নয়টার দিকে এসআই মো. আসাদুল ইসলামের নেতৃত্বে গ্রেপ্তার করা হয়।
শিশুটির নানা অভিযোগ করে বলেন, ‘বাসার মালিক বিভিন্ন সময় নাতিনকে ডেকে নিয়ে যেতেন। আমরা কোনো দিন এ বিষয়টি কল্পনাও করতে পারিনি। বাসার মালিক স্থানীয় প্রভাবশালী ব্যক্তি হওয়ায় নাতিনকে সর্বনাশের ঘটনাটি বলতে নিষেধ করেন ও ভয়ভীতি দেখান। মামলা দায়েরের পর থেকে হুমকি দেওয়া হচ্ছে।’
সদর থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা মো. আসাদুল ইসলাম বলেন, ‘সোমবার রাতে ওই কর্মকর্তাকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়।