ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের শ্রীবরদী উপজেলায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় এক শিক্ষককে গতকাল মঙ্গলবার গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে মামলাটি মিথ্যা আখ্যা দিয়ে তাঁর মুক্তির দাবিতে উপজেলা সদরে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
থানা-পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, এসএসসি পরীক্ষার্থী ওই ছাত্রীকে অন্য স্কুলের এক শিক্ষক প্রাইভেট পড়াতেন। একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ১৪ ফেব্রুয়ারি রাতে বিয়ের প্রলোভন দেখিয়ে মেয়েটির বাড়িতে শিক্ষক তাকে ধর্ষণ করেন। এরপর মেয়েটির পরিবারের পক্ষ থেকে চাপ দিলে ওই শিক্ষক বিয়ে করতে অস্বীকৃতি জানান। গতকাল দুপুরে মেয়েটি ওই শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন। পরে পুলিশ ওই শিক্ষককে গ্রেপ্তার করে।
ওই শিক্ষককে গ্রেপ্তারের সংবাদ ছড়িয়ে পড়লে তাঁর বিদ্যালয়ের প্রায় চার শ শিক্ষার্থী উপজেলা সদরে গিয়ে বিক্ষোভ মিছিল করে। তারা মামলাটিকে মিথ্যা আখ্যায়িত করে এর প্রতিবাদ ও অবিলম্বে শিক্ষকের মুক্তি দাবি করে। শিক্ষার্থীরা কিছুক্ষণ শ্রীবরদী থানার সামনেও অবস্থান করে। পরে পুলিশের আশ্বাসের পরিপ্রেক্ষিতে তারা থানার সামনে থেকে চলে যায়।
থানা-হাজতে থাকাকালে ওই শিক্ষক প্রথম আলোকে বলেন, তিনি ষড়যন্ত্রের শিকার। তাঁর সঙ্গে মেয়েটির সম্পর্ক নেই। তাঁকে সামাজিক ও মানসিকভাবে হেয় করার জন্য একটি মহলের প্ররোচনায় এ মিথ্যা মামলা করা হয়েছে।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এস আলম গতকাল বলেন, মামলাটি পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখছে। বিকেলে গ্রেপ্তার হওয়া শিক্ষককে শেরপুরের মুখ্য বিচারিক হাকিমের আদালতে সোপর্দ করা হয়েছে।