ধর্ষণের অভিযোগে 'ভণ্ড পীর' আটক
নীলফামারীর সৈয়দপুরের এক তরুণীকে অপহরণের পর বাড়িতে আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে এক ‘ভণ্ড পীরের’ বিরুদ্ধে। এ ঘটনায় ওই ভণ্ড পীরকে গতকাল মঙ্গলবার রাতে আটক করেছে পুলিশ। তাঁর বাড়ি থেকে তরুণীকে উদ্ধার করে তারাগঞ্জ থানা হেফাজতে নেওয়া হয়। পরে আজ বুধবার তাঁদের দুজনকেই সৈয়দপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ মিয়ার ভাষ্য, তারাগঞ্জ উপজেলার শিয়ারডাঙ্গা এলাকার মমিনুর ইসলাম মমিন (৪৮) নিজেকে আশেকে রাসুল শাহসুফি মাওলানা পীর মমিনুর ইসলাম মমিন (৪৮) উপাধি দিয়ে বিভিন্ন এলাকায় শিষ্য তৈরি করেন। সেই সুবাদে সৈয়দপুর উপজেলায় কয়েক দিন আগে শিষ্য তৈরি করতে যান তিনি। এ সময় ১৯ বছর বয়সী ওই তরুণীকে তিনি দেখেন। পরে এক সঙ্গীকে নিয়ে তিনি মোটরসাইকেলে করে ওই তরুণীকে অপহরণ করে নিজ বাড়ি শিয়ারডাঙ্গায় নিয়ে যান। সেখানে তিনি ওই তরুণীকে তিন দিন আটকে রেখে পাশবিক নির্যাতন করেন।
সৈয়দপুর থানার ওসি আমিরুল ইসলাম বলেন, খোঁজাখুঁজি করেও ওই তরুণীকে না পেয়ে তাঁর বড় ভাই বাদী হয়ে সৈয়দপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে জানতে পারেন তাঁর বোনকে মমিনুর তুলে নিয়ে তাঁর বাড়িতে আটকে রেখেছেন। এ খবর তারাগঞ্জ থানায় জানালে উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম গতকাল মঙ্গলবার ভণ্ড পীরের বাড়ি থেকে তরুণীকে উদ্ধার এবং ওই ভণ্ড পীরকে আটক করেন।