ধর্ষণের আসামিদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টা সময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘সারা দেশে ধর্ষণ, সহিংসতা প্রতিরোধে ধর্ষকদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে’ আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সমাবেশের আয়োজন। ছবি: হাসান রাজা
‘সারা দেশে ধর্ষণ, সহিংসতা প্রতিরোধে ধর্ষকদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে’ আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সমাবেশের আয়োজন। ছবি: হাসান রাজা

বনানীতে দুই বিশ্ববিদ্যালয়ছাত্রী ধর্ষণের ঘটনায় আসামিদের ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে শাহবাগ থেকে বনানী থানার দিকে ‘অভিযাত্রার’ ঘোষণা দিয়েছেন ‘ছাত্র-শিক্ষক লেখক-শিল্পী, সাংবাদিক ও সংস্কৃতিকর্মীবৃন্দ’।

আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক সমাবেশ থেকে এই ঘোষণা আসে। ‘সারা দেশে ধর্ষণ, সহিংসতা প্রতিরোধে ধর্ষকদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে’ এই সমাবেশ হয়।
সমাবেশে অংশগ্রহণকারীরা ‘বন্ধ কর ধর্ষণ, প্রতিরোধ কর ধর্ষকদের’, ‘তনু, সবিতা চাকমাসহ সকল ধর্ষণ ও খুনের বিচার চাই’, ‘নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সোচ্চার হও’, ‘হযরত আলী ও আয়েশার জন্য ন্যায়বিচার চাই’, ‘ধর্ষকের অভয়ারণ্য হবে না বাংলাদেশ’—এসব লেখা ব্যানার-ফেস্টুন নিয়ে আসেন। দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সমাবেশে অংশ নেয়।
সমাবেশে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নির্বাহী পরিচালক শীপা হাফিজা বলেন, ‘আমরা আমাদের সংসদে পাস করিয়ে নিয়েছি যে মেয়েদের ধর্ষণ করা যাবে ও বিয়ে দেওয়া যাবে। যেখানে আইনে বলা আছে, ধর্ষক যদি এটা বলে যে আমি আর ধর্ষণ করব না, বরং নারী উন্নয়নে কাজ করব বলে মুচলেকা দেয়, তবে তার আর কোনো বিচার লাগবে না। এই আইন হওয়ার সময়ই আমরা বলেছিলাম, এর ফলে ঘরে ঘরে নারীরা ধর্ষিত হবে, কারণ আইন সেটার স্বীকৃতি দিয়েছে। যখন একটি দেশে আইন করে ধর্ষণকে একটি যুক্তিযুক্ত পর্যায়ে নিয়ে যাওয়া হয়, তখন সেখানে ধর্ষণ বাড়বেই।’
উদীচীর সহসাধারণ সম্পাদক সংগীতা ইমাম বলেন, ‘প্রতিনিয়ত আমাদের সামনে ইস্যু আসে, আমরা বিচার চাই। আমাদের এই বিচার চাওয়া কেন থামছে না? প্রকৃত মানুষ গড়তে কোথায় আমরা পিছিয়ে আছি?’ তিনি বলেন, শুধু সরকার নয়, প্রতিটি মানুষকে এসব বিষয়ে সচেতন থাকতে হবে।
ব্যঙ্গচিত্রশিল্পী আহসান হাবীব বলেন, দেশের বড় পদগুলোতে নারীরা থাকার পরও কেন নারীকে নিপীড়নের শিকার হতে হবে? বাংলাদেশের পুলিশ অনেক দক্ষ। তারা চাইলেই দ্রুত ধর্ষকদের ধরতে পারে। যারা ধরছে না, তাদেরও বিচারের আওতায় আনতে হবে।
শিল্পী সায়ন বলেন, ‘আমরা প্রতিবাদ করেই যাচ্ছি। কিন্তু কোনো প্রতিকার পাচ্ছি না।’ তারপরও ‘প্রতিবাদের পক্ষে’ তিনি গেয়ে শোনান—‘মন্দ জানি শক্তিশালী কিন্তু ভালো তো নয় মৃত; ভালোর সাথে আমরা আছি, সেখানেই হব পরিচিত’।
এ সময় সাবেক ছাত্রনেতা ফয়জুল হাকিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুতপা ভট্টাচার্য, মানবাধিকারকর্মী খুশী কবির, নিরূপমা চাকমা, শিল্পী অরূপ রাহী, আইনজীবী ইমতিয়াজ মাহমুদ, আইনজীবী হাসনাত কাইয়ুম ও ফারিয়া ফেরদৌস, ব্লগার ও লেখক আরিফ জেবতিক, জীবনানন্দ জয়ন্ত প্রমুখ বক্তব্য দেন।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল হয়। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) ঘুরে শাহবাগে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠানের সঞ্চালক প্রকাশক রবিন আহসান ধর্ষণে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে সময় বেঁধে দেন।