ধর্ষণের ঘটনা আপসের চেষ্টার অভিযোগে এসআই বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় এক কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। গত সোমবার মেয়েটির বাবা বাদী হয়ে ওই মামলা করেন।
এদিকে ধর্ষণের ঘটনা ও কিশোরীর গর্ভপাতের ঘটনা আপসের চেষ্টা এবং ধামাচাপা দেওয়ার অভিযোগে গতকাল মঙ্গলবার দুপুরে নাজিরপুরের বৈঠাকাটা পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আবদুল বারেককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
পিরোজপুরের পুলিশ সুপার ওয়ালিদ হোসেন এই সাময়িক বরখাস্তের খবরের সত্যতা নিশ্চিত করেন।
পুলিশ ও কিশোরীর পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের ওই কিশোরীর সঙ্গে মুগারজোর গ্রামের শরিফুল ইসলামের (২৫) কয়েক মাস আগে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর শরিফুল বিয়ের প্রলোভন দেখিয়ে মেয়েটিকে ধর্ষণ করলে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। ৩১ জুলাই শরিফুল তাঁর বন্ধু মামুনের সহযোগিতায় মেয়েটির গর্ভপাত করান। ঘটনাটি সম্প্রতি জানাজানি হলে এসআই আবদুল বারেক ও মুগারজোর গ্রামের সাঈদ নামের এক ব্যক্তি বিষয়টি আপস করার চেষ্টা করেন।
বিষয়টি জানতে পেরে সোমবার রাতে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেয়েটিকে বাড়ি থেকে উদ্ধার করে থানায় নিয়ে যান। ওই রাতে মেয়েটির বাবা শরিফুল ও তাঁর বন্ধু মামুনকে আসামি করে মামলা করেন। এরপর থেকে ওই দুজন পলাতক।
মেয়েটির বাবার অভিযোগ, ঘটনাটি আপস করার জন্য এসআই আবদুল বারেক ও আওয়ামী লীগের এক নেতা তাঁকে ভয়ভীতি দেখাচ্ছিলেন।
এ বিষয়ে জানতে সাঈদের সঙ্গে তাঁর মুঠোফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।
নাজিরপুর থানার ওসি নাসির উদ্দিন মল্লিক বলেন, এসআই বারেক ঘটনাটি জানার পর আইনগত ব্যবস্থা না নিয়ে সমঝোতার চেষ্টা করায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্তে সাঈদের সম্পৃক্ততা পেলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।