ধর্ষণের ঘটনা তিন লাখ টাকায় মীমাংসার চেষ্টা
চাঁদপুরের হাজীগঞ্জে এক শিশুকে ধর্ষণের ঘটনা গ্রাম্য সালিসে তিন লাখ টাকা দিয়ে মীমাংসা করার চেষ্টা করা হয়েছে। গত বুধবার শিশুটি ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় ওই শিশুর বাবা স্থানীয় এক ইউপি সদস্যের বাধার কারণে প্রথম মামলা দিতে পারেননি বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল শনিবার পুলিশের সহায়তায় শিশুটির বাবা ধর্ষণের অভিযোগে মহব্বতপুর গ্রামের কালু তালুকদারের (৫৮) বিরুদ্ধে মামলা করেন। ওই দিনই পুলিশ কালুকে গ্রেপ্তার করে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বুধবার বিকেলে কালু তালুকদার শিশুটিকে (৯) চকলেট দেওয়ার লোভ দেখিয়ে মাঠে নিয়ে ধর্ষণ করেন। বাড়ি ফিরে গিয়ে বিষয়টি সে তার মাকে জানায়। পরে তাকে হাসপাতালে নেওয়ার পথে ইউপি সদস্য শওকত আলী শিশুটির মা-বাবাকে বাধা দেন।
শিশুটির পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে ইউপি সদস্য শওকত আলীর নেতৃত্বে তাঁর বাড়িতে সালিস বৈঠকে ধর্ষণের ঘটনা মীমাংসার উদ্যোগ নেওয়া হয়। ওই বৈঠকে কালু তালুকদারকে তিন লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকার চেক ও স্ট্যাম্প শওকত আলীর জিম্মায় রাখা হয়।
শিশুটির মা জানান, তিন দিনে অবস্থার উন্নতি না হওয়ায় গতকাল সকালে তিনি মেয়েকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের কাছে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁর মেয়েকে চাঁদপুর সদর হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি মেয়েকে নিয়ে সদর হাসপাতালে আছেন। বেলা ১১টায় চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) শামছুন্নাহার তাঁর মেয়েকে দেখতে হাসপাতালে আসেন এবং বিচারের আশ্বাস দেন।
বিষয়টি জানতে পেরে এসপি ধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারের নির্দেশ দেন এবং এ ঘটনায় মামলা নিতে বলেন। সে অনুযায়ী বেলা সাড়ে ১১টায় অভিযান চালিয়ে হাজীগঞ্জ থানার পুলিশ কালু তালুকদারকে গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করে। বর্তমানে কালু তালুকদার থানা-পুলিশের হেফাজতে আছেন।
ইউপি সদস্য শওকত আলী ঘটনাটি মীমাংসার চেষ্টা করার বিষয়টি স্বীকার করে বলেন, ‘এলাকায় একটি ঘটনা ঘটেছে। আমরা এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিস করে বিষয়টি সমাধান করেছি। এতে কী অসুবিধা হয়েছে?’
মেয়ের বাবা বলেন, ‘গ্রাম্য মাতব্বরদের কথায় সালিস বৈঠকে যেতে হয়েছে। আমি টাকা-পয়সা চাই না। আমার মেয়ের নির্যাতনকারীর শাস্তি চাই।’
এ বিষয়ে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদুল ইসলাম বলেন, ‘সকালে এসপি স্যার ও আমি হাসপাতালে গিয়ে মেয়েটিকে দেখেছি। তিনি মেয়েটির চিকিৎসার খোঁজখবর নিয়েছেন। কালু মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।’