ধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ, একজন গ্রেপ্তার
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগে মোস্তফা জব্বারী (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার উপজেলার রামেশ্বর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সপ্তম শ্রেণির ওই ছাত্রীর মা ঢাকার ধামরাই উপজেলায় থাকেন। কয়েক দিন আগে হরিরামপুরে মামার বাড়িতে বেড়াতে আসে ওই ছাত্রী ও তার মা। পড়ালেখায় অমনোযোগী হওয়ায় ৭ আগস্ট বিকেলে চিকিৎসার (ঝাড়ফুঁক) জন্য ওই ছাত্রীকে তার মা কবিরাজ আনোয়ার হোসেনের (৫০) কাছে নিয়ে যান।
ওই ছাত্রীর মা অভিযোগ করেন, চিকিৎসার নামে আনোয়ার কৌশলে তাঁর মেয়েকে ধর্ষণ করেন। বিষয়টি জানাজানি হলে রাতে ওই কবিরাজের বাড়িতে সালিস বৈঠক বসে। এতে ধুলশুড়া ইউনিয়ন যুবলীগের নেতা কামরুল ইসলাম, গ্রামের মাতব্বর হারুনুর রশিদ, মোস্তফা জব্বারী উপস্থিত থেকে আনোয়ারকে ১০ হাজার টাকা জরিমানা করেন। এ নিয়ে গতকাল শনিবার প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
এ ঘটনায় শুক্রবার সন্ধ্যায় ওই ছাত্রীর মা ধর্ষণের অভিযোগে আনোয়ার এবং গ্রাম্য সালিসে ধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়া ও ধর্ষণে সহায়তা করার অভিযোগে মোস্তফা জব্বারীসহ পাঁচজনকে আসামি করে মামলা করেন। শুক্রবার রাতে অভিযান চালিয়ে রামেশ্বর গ্রাম থেকে মোস্তফা জব্বারীকে গ্রেপ্তার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা হরিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাশার বলেন, গতকাল আদালতের মাধ্যমে মোস্তফা জব্বারীকে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিরা পলাতক রয়েছেন।