ধর্ষণের ঘটনা মীমাংসার চেষ্টায় অবশেষে মামলা
বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে (১৬) একাধিকবার ধর্ষণের ঘটনায় মানিকগঞ্জের ঘিওর থানায় অবশেষে মামলা হয়েছে। গত রোববার রাতে কিশোরীর বাবা বাদী হয়ে স্থানীয় থানায় মামলাটি করেন।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার ঘিওর সদর ইউনিয়নে একটি ভাড়া বাসায় থাকত ওই কিশোরীর পরিবার। উপজেলা সদরের এক বিত্তশালীর ছেলে (৩২) বিয়ের প্রলোভন দেখিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করেন। পরে বিষয়টি জানাজানি হলে ৯ জানুয়ারি এলাকার মাতবর গফুর মিয়ার বাড়িতে সালিস বৈঠক হয়। সালিসে কিশোরীর পরিবার ওই যুবকের সঙ্গে মেয়ের বিয়ের দাবি জানায়। বিষয়টির কোনো সমাধান না হওয়ায় পরদিন ১০ জানুয়ারি স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হামিদুর রহমানের বাড়িতে আবার সালিস বৈঠকের আয়োজন করা হয়। এতে উভয় পক্ষের পরিবার ছাড়াও ইউপি চেয়ারম্যান, ঘিওর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রশিদ, ২ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মোশারফ হোসেন, মাতবর গফুর মিয়া, বাবুল হোসেন ও জিন্নাহ মিয়া উপস্থিত ছিলেন।
ছেলের পরিবার স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় সালিসে মেয়ের পরিবারকে উল্টো তিরস্কার করা হয়। এরপর অভিযুক্ত ওই যুবকের পরিবারকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। মেয়েটির পরিবার এ মীমাংসায় রাজি না থাকলেও সালিসকারীদের ভয়ে থানায় মামলা করতে পারেনি।
এ নিয়ে গত শনিবার প্রথম আলোতে ‘ধর্ষণের ঘটনা সালিসে মীমাংসার চেষ্টা’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। এরপর বিষয়টি জানার পর ভুক্তভোগী ওই কিশোরীর পরিবারকে আইনগত সহায়তার জন্য এগিয়ে আসে মানবাধিকার সংগঠন আইন ও সালিস কেন্দ্র (আসক) ও ব্র্যাক। পরে গত রোববার রাতে ধর্ষণ ও ধর্ষণে সহায়তার অভিযোগে পাঁচজনের নাম ও অজ্ঞাত দু-তিনজনকে আসামি করে ওই কিশোরীর বাবা থানায় মামলা করেন।
তবে তদন্তের কারণে আসামিদের নাম উল্লেখ না করে ঘিওর থানার পরিদর্শক (তদন্ত) সুনীল কুমার কর্মকার বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।