ধর্ষণের ঘটনা সালিসে মীমাংসার চেষ্টা
বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে(১৬) একাধিকবার ধর্ষণ করা হয়। এ ঘটনায় বসে গ্রাম্য সালিস। অভিযুক্ত যুবকের পরিবার প্রভাবশালী হওয়ায় সালিসে কিশোরীর পরিবারকে তিরস্কার করা হয়। কিশোরীর ‘ইজ্জতের মূল্য’ নির্ধারণ করা হয় ৭৫ হাজার টাকা। চার দিন পরও টাকা পায়নি কিশোরীর পরিবার। উল্টো এলাকাছাড়া করার হুমকি-ধমকি দেওয়া হচ্ছে তাদের।
মানিকগঞ্জের ঘিওর উপজেলার ঘিওর সদর ইউনিয়নে এ ঘটনা ঘটেছে। গ্রামের মাতব্বর ও সালিসকারীদের ভয়ে মামলাও করতে পারেনি কিশোরীর পরিবার।
কিশোরীর পরিবার ও গ্রামের অন্তত পাঁচজনের সঙ্গে কথা বলে জানা যায়, একটি ভাড়া বাসায় থাকে কিশোরীটির পরিবার। কিশোরীর মা একটি পোশাক কারখানায় ও বাবা নির্মাণশ্রমিকের কাজ করেন। উপজেলা সদরের এক বিত্তশালীর ছেলে (৩২) কিশোরীটিকে উত্ত্যক্ত করতেন। একপর্যায়ে ধর্ষণ করেন। বিষয়টি এলাকায় ফাঁস হয়ে যায়। এ নিয়ে ৯ জানুয়ারি বিকেলে উভয় পক্ষের পরিবারকে নিয়ে এলাকার মাতব্বর গফুর মিয়ার বাড়িতে সালিস বৈঠক বসানো হয়। সালিসে কিশোরীর পরিবার ওই যুবকের সঙ্গে মেয়ের বিয়ের দাবি জানায়। তবে সমাধান না হওয়ায় পরদিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হামিদুর রহমানের বাড়িতে আবার সালিস বৈঠকের আয়োজন করা হয়। এতে উভয় পরিবার ছাড়াও ইউপি চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রশিদ, ইউপি সদস্য মোশারফ হোসেন, মাতব্বর গফুর মিয়া, বাবুল হোসেন ও জিন্নাহ মিয়া উপস্থিত ছিলেন। সালিসে মেয়ের পরিবারকে তিরস্কার করা হয়। পরে এ ঘটনায় মেয়ের পরিবারকে দেওয়ার জন্য যুবকের পরিবারকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। কিন্তু এতে রাজি না হলেও মেয়ের পরিবার মাতব্বরদের ভয়ে কিছু বলতে পারেনি।
গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে ভাড়া করা ওই বাড়িতে গিয়ে মেয়ের পরিবারকে পাওয়া যায়নি। তবে এর আধঘণ্টা পর একই এলাকায় মেয়ের চাচার বাড়িতে গিয়ে কথা হয় তার চাচি, দাদি ও মায়ের সঙ্গে। তাঁরা বলেন, বিয়ের প্রলোভন দেখিয়ে তাঁদের মেয়েকে একাধিকবার ধর্ষণ করেছেন ওই যুবক। প্রায় ১০ দিন আগে বিষয়টি মেয়ে তাঁদের বলেছে। তাঁরা অভিযোগ করেন, সালিসে তাঁরা সুবিচার পাননি। উল্টো এলাকা ছাড়ার জন্য হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। জরিমানার ৭৫ হাজার টাকাও তাঁদের দেওয়া হয়নি।
ওই বাড়ি থেকে বের হওয়ার পরই ঝিনুক মাহমুদ নামের স্থানীয় এক যুবক সাংবাদিক পরিচয় দিয়ে এ প্রতিনিধির পথরোধ করেন এবং এ বিষয়ে সংবাদ প্রকাশ না করার জন্য শাসান।
ঘটনার বিষয়ে আওয়ামী লীগ নেতা আবদুর রশিদ বলেন, এ ধরনের ঘটনা সত্য নয়। এটা একটা অপপ্রচার। এরপর জরিমানার বিষয়ে জানতে চাইলে তিনি এ প্রতিনিধিকে উৎকোচ দেওয়ার চেষ্টা করেন।
ইউপি সদস্য মোশারফ হোসেন সালিসে জরিমানার ৭৫ হাজার টাকা নেওয়ার কথা স্বীকার করে বলেন, ওই টাকা মেয়েটির পরিবারকে দেওয়া হয়েছে। তবে ইউপি চেয়ারম্যান হামিদুর রহমান জরিমানার বিষয়টি জানেন না বলে দাবি করেন। তিনিও বলেন, এ ঘটনা মিথ্যা ও বানোয়াট।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। তবে সালিস বৈঠকে লেনদেনের বিষয়টি তাঁর জানা নেই। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।