ধর্ষণের ঘটনা ২০ হাজার টাকায় রফা!
নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহম্মেদপুরে বেসরকারি সংগঠনের (এনজিও) এক মাঠকর্মীকে ধর্ষণের ঘটনায় যুবলীগের দুই কর্মীকে মাত্র ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এলাকাবাসী ও ধর্ষণের শিকার ওই নারীর স্বজনেরা জানান, গত রোববার রাত আটটার দিকে স্থানীয় বেসরকারি সংগঠন কারবালা গ্রাম উন্নয়ন কেন্দ্রের কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান, জোয়াড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক, কারবালা গ্রাম উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক আশরাফুল ইসলাম এবং সমতা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির নির্বাহী পরিচালক তসলিম উদ্দিনের উপস্থিতিতে সালিস বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় সমতা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির এক নারী কর্মীকে ধর্ষণের বিচার হয়। সালিসে ধর্ষণের দায়ে রাব্বী হোসেন ও আরিফ হোসেনকে মাত্র ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তাঁদের চড়-থাপড় মেরে ছেড়ে দেওয়া হয়। তাঁরা ভবিষ্যতে আর এ ধরনের ঘটনা ঘটাবেন না—এমন একটি মুচলেকা দেন। একই সঙ্গে ওই নারী কোনো মামলা-মোকদ্দমা করবেন না এবং আইন প্রয়োগকারী সংস্থা ও গণমাধ্যমকর্মীদের কাছে অভিযোগ করবেন না মর্মে তাঁর মৌখিক স্বীকৃতি নেওয়া হয়।
এ ব্যাপারে ওই নারীর শ্বশুর বলেন, ‘আমার বউমাকে খবর দিয়ে নিয়ে সারা দিন রেখে রাত নয়টার দিকে ২০ হাজার টাকা দিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। সেখানে বড় বড় নেতা আপস করে দিয়েছেন। এর বেশি কিছু আমরা বলতে পারব না। যা হওয়ার হয়ে গেছে।’
এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামানের কাছে জানতে চাইলে এসব বিষয়ে তিনি কোনো কথা বলতে রাজি হননি।
গত শনিবার রাতে আহম্মেদপুর সমতা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির মাঠকর্মীকে (৩২) উপজেলার কায়েমকোলা গ্রামের রাব্বী হোসেন (২০), আরিফ হোসেন (১৯) ও অজ্ঞাতনামা অপর একজন (৩২) মিলে ধর্ষণ করেন।