ধর্ষণের ঘটনায় জরিমানা!
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বুদ্ধিপ্রতিবন্ধী এক নারীকে (২২) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত শুক্রবার স্থানীয় কয়েকজন ব্যক্তি সালিস করে দুই অভিযুক্তকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন। ওই টাকাও ধর্ষণের শিকার ওই নারীর পরিবারকে দেওয়া হয়নি।
ধর্ষণের শিকার নারীর পরিবার ও এলাকার কয়েকজন বলেন, গত বৃহস্পতিবার সকালে উপজেলার তেতুলবাড়িয়া গ্রামের ইউসুফ হাওলাদার (৩০) ও ফারুক হোসেন (৩৫) এনজিও থেকে মুরগি পাইয়ে দেওয়ার কথা বলে মঠবাড়িয়া শহরে নিয়ে ওই নারীকে ধর্ষণ করেন। এরপর বিকেলে তাঁকে বাড়ি পৌঁছে দেন। বাড়ি ফিরে ওই নারী ধর্ষণের কথা তাঁর মাকে জানান। ঘটনা জানাজানি হলে রাতে স্থানীয় কয়েকজন ব্যক্তি সালিস করেন। সালিসে ফারুককে জুতাপেটা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
সালিসে উপস্থিত ইউসুফ বেপারি বলেন, জরিমানার টাকা ধর্ষণের শিকার নারীকে দেওয়া হবে। ইউসুফ সালিসে আসেননি। তাঁর কাছ থেকেও ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হবে।
ধর্ষণের শিকার নারীর মা বলেন, সালিসে বিচার করার কথা বলায় মামলা করা হয়নি। জরিমানার টাকা এখনো তাঁরা পাননি।
গ্রাম পুলিশ নূরুজ্জামান বলেন, ফারুকের বিরুদ্ধে গ্রামের দুস্থ নারীদের এনজিও থেকে হাঁস-মুরগি পাইয়ে দেওয়ার কথা বলে টাকা তুলে প্রতারণার অভিযোগ রয়েছে।
মঠবাড়িয়া থানার ওসি নাসির উদ্দিন মল্লিক বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ করেনি।