ধর্ষণের ঘটনায় জরিমানা করেই রেহাই!
আদিবাসী এক তরুণীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত এক যুবককে জরিমানা করেই গ্রাম্য সালিসে বিষয়টি নিষ্পত্তি করা হয়েছে। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাগানবাজার ইউনিয়নের পশ্চিম পাতাছড়ি গ্রামে ঘটনাটি ঘটেছে।
তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেছেন, বিষয়টি আপসযোগ্য নয়।
স্থানীয় সূত্র জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ওই এলাকার পাতাছড়া ত্রিপুরা পাড়া গ্রামের বাসিন্দা আদিবাসী ওই তরুণীকে (১৭) উপজেলার দাঁতমারা ইউনিয়নের বালুটিলা গ্রামের মো. সাইফুল ইসলাম (২৮) ধর্ষণ করেন। এটি সর্বত্র জানাজানি হলে উত্তেজিত এলাকাবাসী সাইফুলের পরিবারের কাছে নালিশ দেন এবং বিষয়টি দ্রুত মীমাংসার জন্য চাপ দিতে থাকেন।
বিষয়টি ধাপাচাপা দিতে গতকাল শুক্রবার সকালে তরুণীটির বাড়ির পাশে আবু আহমদের বাসায় এক বৈঠকের আয়োজন করা হয়। এতে উভয় পক্ষের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। স্থানীয় সাবেক ইউপি সদস্য মো. নুরুজ্জামানের সভাপতিত্বে সালিস বৈঠকে ধর্ষণের ঘটনা প্রমাণিত হলে সাইফুলকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সালিসে জরিমানার টাকা আদায় করে মেয়েটির পরিবারকে দেওয়ার সিদ্ধান্ত হয়।
মেয়েটির প্রতিবেশী ভাই সিজার ত্রিপুরা (৩০) বলেন, ‘গ্রামের মাতাব্বরেরা যা করে দিয়েছেন তা মেনে নেওয়া ছাড়া আমাদের কোনো উপায় নেই। অন্যথায় হুমকি-ধমকি সইতে হবে।’
সাবেক ইউপি সদস্য মো. নুরুজ্জামান জানান, আপসযোগ্য না হলেও ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসা করা হয়েছে। জরিমানার টাকা মেয়েটির পরিবারকে দেওয়া হবে এবং ভবিষ্যতে এ ধরনের কাজে জড়িত হলে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে একটি ৩০০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে এলাকার গণ্যমান্য ব্যক্তি ও রাজনীতিকেরা স্বাক্ষর করেছেন।