ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় দুই কিশোরীকে ধর্ষণের ভিডিওচিত্র ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া এবং সদর উপজেলায় এক নারীকে ধর্ষণের পর হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে।
সামাজিক প্রতিরোধ কমিটি ফরিদপুর জেলা শাখা গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেয়।
বেলা সাড়ে ১১টার দিকে প্রতিরোধ কমিটির সদস্যরা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক সরদার শরাফত আলীর কাছে স্মারকলিপিটি তুলে দেন। জেলা প্রশাসক বলেন, বিষয়টি আইনশৃঙ্খলা-সম্পর্কিত। তিনি সুপারিশসহ সেটি এসপির কাছে পাঠিয়ে দেবেন।
দুপুর পৌনে ১২টার দিকে কমিটির সদস্যরা কার্যালয়ে গিয়ে এসপি জামিল হাসানের হাতে স্মারকলিপিটি তুলে দেন। এসপি বলেন, ঘটনা তদন্ত করে এ ব্যাপারে যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেওয়া হবে। অপরাধীদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।
গত ১৪ এপ্রিল সকাল ১০টার দিকে দুই স্কুলছাত্রী মামাতো-ফুপাতো বোনকে রাস্তা থেকে ধরে ভুট্টা খেতে নিয়ে ধর্ষণ করে তা মুঠোফোনে ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেয় দুর্বৃত্তরা।
এদিকে ১২ জুন একটি বাঁশঝাড়ে সাজেদা বেগমের (৩০) লাশ পাওয়া যায়। এ ঘটনায় পরদিন ধর্ষণের পর হত্যার অভিযোগে অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে থানায় মামলা হয়।
স্মারকলিপি দেওয়ার সময় জেলা সামাজিক প্রতিরোধ কমিটির সভাপতি শিপ্রা রায়, সদস্যসচিব আসমা আক্তার এবং সদস্য শিপ্রা গোস্বামী, সুরেশ চন্দ্র হালদার, বেলায়েত হোসেন, নাজমা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।